ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ ইসতিয়াক আহম্মদ আসিফ, গোবিপ্রবি প্রতিনিধি: পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হামলা, হুমকি এবং সরঞ্জাম ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গোবিপ্রবিসাস)।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সমিতির দপ্তর সম্পাদক মাহমুদুল স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে সভাপতি ও সাধারণ সম্পাদক এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে জানানো হয়, গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন 'যমুনা'র সামনে আন্দোলন চলছিল। সেখানে সংবাদ সংগ্রহ করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের ওপর চড়াও হন। এতে একাধিক সাংবাদিক আহত হন এবং তাঁদের ব্যবহৃত ক্যামেরা ও অন্যান্য পেশাগত সরঞ্জাম ভাঙচুর করা হয়।
গোবিপ্রবিসাস নেতৃবৃন্দ বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। কিন্তু এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা প্রমাণ করে যে, সাংবাদিকদের নিরাপত্তা এখনো মারাত্মক ঝুঁকির মুখে। দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা কেবল একটি পেশার ওপর আঘাত নয়, বরং এটি স্বাধীন সাংবাদিকতা ও জনগণের জানার অধিকারকে বাধাগ্রস্ত করার শামিল।
বিবৃতিতে এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত দোষীদের দ্রুত শনাক্ত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে সাংবাদিকদের জন্য নিরাপদ ও স্বাধীন কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছে সংগঠনটি।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ