গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ ও শ্রমিক বিক্ষোভ: ৭০ কারখানা ছুটি
বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ করে রেখেছেন শ্রমিকরা। এতে মহাসড়ক দুটিতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় গাজীপুরের ভোগরা, চৌরাস্তা ও কোনাবাড়ী এলাকার ৭০টি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সকাল থেকেই গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অবরোধ শুরু করেন শ্রমিকেরা। এ সময় বেশ কয়েকটি স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছু এলাকায় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
অন্যদিকে, সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় শ্রমিক মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে কাজে যোগ না দিয়ে আন্দোলন শুরু করেন শ্রমিকরা। পরে ওই গার্মেন্টসসহ আশপাশের বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর মৌচাকের তেলিরচালা এলাকায় মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা।
একই পরিস্থিতি তৈরি হয় গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায়; সেখানে কয়েকটি শিল্পকারখানার শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ করেন। একই সময়ে পাশের বাঘের বাজারের নতুন বাজার এলাকায়ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, শ্রমিক বিক্ষোভের কারণে আজকের জন্য ৭০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। শিল্পাঞ্চলের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশ, জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছেন।