সরকারের অনুমোদন ছাড়াই রিফাইনারি নির্মাণ সুপার পেট্রোকেমিক্যালের
‘অনলাইন ডেস্কঃ বেসরকারি পর্যায়ে রিফাইনারি স্থাপন, অপরিশোধিত জ্বালানি তেল আমদানিপূর্বক মজুত, প্রক্রিয়াকরণ, পরিবহন ও বিপণন নীতিমালা-২০২৩’-এর ৭.১ ধারায় সুস্পষ্টভাবে বলা হয়েছে—‘সরকারের অনুমোদন ব্যতীত কোনো রিফাইনারি স্থাপন করা যাবে না।’ অথচ রাষ্ট্রের এই প্রধান ও বাধ্যতামূলক শর্ত উপেক্ষা করে চট্টগ্রামের কর্ণফুলীতে গড়ে তোলা হচ্ছে সুপার পেট্রোকেমিক্যাল পিএলসির (এসপিএল) বিশাল রিফাইনারি।
শুধু তা-ই নয়, কারখানার জন্য বিপুল পরিমাণ মূলধনী যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কোনো অনুমোদন নেয়নি। বুধবার সন্ধ্যায় এসপিএলের প্ল্যান্ট পরিদর্শন শেষে বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) দুপুরে সাংবাদিকদের কাছে এসব চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন বিপিসির গঠিত সাত সদস্যের সুপারিশ কমিটির প্রধান ও বিপিসির মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন্স) মোহাম্মদ জাহিদ হোসাইন।
সাংবাদিকদের ব্রিফিংকালে জাহিদ হোসাইন সরাসরি জানান, সরকারের অনুমোদন না থাকলেও সেখানে পুরোদমে রিফাইনারি নির্মাণের কাজ চলছে। তিনি বলেন, “প্রকল্পে কিছু উন্নয়ন কাজ হয়েছে। নতুন ট্যাংক নির্মাণ হচ্ছে, ক্রুড প্ল্যান্ট যেটা করছে, সেটা আমরা দেখেছি। তারা প্ল্যান্ট-সম্পর্কিত কিছু নথিপত্র দিয়েছে। আমরা সেগুলো পর্যালোচনা করছি। নীতিমালার বাইরে গিয়ে ইউনিট-২ ও ৩ গড়ে তোলার বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ করা হবে।”
বিপিসির অনুমোদন ছাড়া কীভাবে বিপুল পরিমাণ যন্ত্রপাতি আমদানি করা হলো—এমন প্রশ্নের জবাবে তদন্ত কমিটির প্রধান অকপটে স্বীকার করেন, “তারা (এসপিএল) মূলধনী যন্ত্রপাতি ও অন্যান্য মেশিনারিজ আমদানির বিষয়ে বিপিসির কাছে কোনো অনুমোদন চায়নি।”
গত মঙ্গলবার (১০ নভেম্বর) বিপিসির সচিব শাহিনা সুলতানা এক অফিস আদেশে এই কমিটি গঠন করেন এবং মাত্র তিন দিনের মধ্যে রিফাইনারির উৎপাদন কার্যক্রম পরিচালনার অনুমোদনের বিষয়ে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়। তবে বৃহস্পতিবার কমিটির প্রধান তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করে বলেন, “আমরা মাত্রই পরিদর্শন করে এসেছি। ওদের কাছে কমিটির আরও জিজ্ঞাসা থাকতে পারে। সদস্যরা পর্যালোচনা করে প্রতিবেদন তৈরির আগে সেসব বিষয়েও আলোচনা হবে।”
বুধবার সন্ধ্যায় তিন ঘণ্টার বেশি সময় প্ল্যান্ট এলাকা ঘুরে দেখলেও এর প্রকৃত সক্ষমতা যাচাই করা হয়নি বলে জানান জাহিদ হোসাইন। তিনি বলেন, “আমরা প্রতিটি মেশিনারিজ বা প্ল্যান্ট চালু করে দেখিনি। কারিগরি কমিটি হলে তারা সেসব দেখবে। ইনপুট-আউটপুট ঠিকভাবে হচ্ছে কি না, সেসব দেখবে। আর চূড়ান্ত অনুমোদনের বিষয়ে মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।” কারিগরি দিক যাচাই না করেই কীভাবে একটি প্রতিষ্ঠানকে উৎপাদনের অনুমোদনের সুপারিশ করা হবে, তা নিয়ে জ্বালানি খাতে বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে।
সংশ্লিষ্টদের মতে, একটি রিফাইনারি স্থাপন ও পরিচালনার জন্য বিপিসি, বাংলাদেশ ব্যাংক, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, বিস্ফোরক পরিদপ্তর, কলকারখানা পরিদর্শন অধিদপ্তর এবং এনবিআরের বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সসহ ৩০টির বেশি সরকারি দপ্তরের অনুমোদন ও ছাড়পত্র প্রয়োজন।
অভিযোগ উঠেছে, এসপিএল এসব আনুষ্ঠানিক বিধানের তোয়াক্কাই করেনি। উল্টো যন্ত্রপাতি আমদানিতে শুল্ক ফাঁকি বা এর আড়ালে অন্য কোনো পণ্য চোরাচালান হয়েছে কি না, তা যাচাই না করেই এখন প্ল্যান্টটিকে তড়িঘড়ি বৈধতা দেওয়ার তোড়জোড় চলছে। এর মধ্যেই অনুমোদনহীন এই প্রতিষ্ঠানটি বছরে চার লাখ টন লাইট ক্রুড ও আট লাখ টন হেভি ক্রুডসহ মোট ১২ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানির আবেদন করেছে বিপিসির কাছে।
খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, একটি অনুমোদনহীন রিফাইনারির জন্য এভাবে যথেচ্ছ যন্ত্রপাতি আমদানির সুযোগ তৈরি হওয়া দেশের নিয়ন্ত্রণব্যবস্থার চরম দুর্বলতার প্রমাণ। যথাযথ নিরাপত্তা ও উচ্চপর্যায়ের তদন্ত ছাড়া এই রিফাইনারিকে কোনো ধরনের ছাড়পত্র দেওয়া গোটা দেশের জ্বালানি নিরাপত্তার জন্য আত্মঘাতী হবে বলে সতর্ক করেছেন তারা।