আজ বিকেল ৩টায় শ্রমিক নেতাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি বৈঠক
তৈরি পোশাক শিল্পে চলমান আন্দোলন, সড়ক অবরোধ এবং নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে আজ সোমবার (২ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় শ্রমিক সংগঠনের প্রতিনিধিত্বকারী নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ বেলা ১১টার পর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পোশাক খাতের মালিকপক্ষ এবং ব্যবসায়ী সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর শীর্ষ নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন মন্ত্রী।
উক্ত গুরুত্বপুর্ণ বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনও উপস্থিত ছিলেন।
সচিবালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সরকারের অবস্থান স্পষ্ট করে বলেন, “প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশনা ও পরামর্শ দিয়েছেন যেন আলোচনার মাধ্যমে অত্যন্ত সহানুভূতির সঙ্গে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ এবং তাদের জীবনমানের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হয়। মালিক ও শ্রমিক দুই পক্ষের সমঝোতা এবং বাস্তবতার নিরিখে দ্রুততম সময়ে ন্যূনতম মজুরি চূড়ান্ত করা হবে।”
তিনি আরও জানান, শ্রমিকদের জন্য ইতিপূর্বে গঠিত নতুন মজুরি বোর্ডের প্রথম সভা দ্রুতই অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আইনের নিয়ম মেনে আগামী ডিসেম্বরের মধ্যেই সর্বসম্মত সুনির্দিষ্ট বেতন কাঠামো প্রকাশ করা সম্ভব হবে।
তবে শ্রম অধিকার রক্ষার পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টকারীদের কঠোর বার্তা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “শ্রমিক আন্দোলনের আড়ালে একটা বিশেষ গোষ্ঠী ভিন্ন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে চাইছে। পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদের অবশিষ্টাংশ এবং সীমান্তের ওপারের ইশারায় নিরীহ পোশাক শ্রমিক ভাইবোনদের ইন্ধন দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির মারাত্মক চক্রান্ত চলছে। শ্রমিকদের উসকে দিয়ে যারা শিল্পখাতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, আইনশৃঙ্খলা বাহিনী তাদের কঠোর হস্তে দমন করবে।”
মালিকদের পর আজ বিকেলে শ্রমিক নেতাদের সঙ্গে মন্ত্রী পর্যায়ের এই সরাসরি আলোচনা থেকে ইতিবাচক ও সমঝোতামূলক সিদ্ধান্ত আসবে বলে আশা প্রকাশ করছে সংশ্লিষ্ট শিল্প ও প্রশাসনিক খাত।