তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ দেশে পৌঁছেছে, বিকেলে বনানীতে জানাজা ও দাফন

প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ণ
তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ দেশে পৌঁছেছে, বিকেলে বনানীতে জানাজা ও দাফন

অনলাইন ডেস্ক: বাংলাদেশের অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার নতুন যুগের সূচনা করা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ দেশে এসে পৌঁছেছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি আন্তর্জাতিক ফ্লাইটে তাঁর কফিন ঢাকার হযরত Шаহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এ সময় বিমানবন্দরে তাঁর শোকস্তব্ধ পরিবারের সদস্য, দীর্ঘদিনের সহকর্মী এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

পরিবার সূত্র ও সহকর্মীরা জানিয়েছেন, বিমানবন্দর থেকে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ প্রথমে তাঁর বাসায় নিয়ে যাওয়া হবে, যেখানে পরিবারের স্বজনেরা তাঁকে শেষবারের মতো দেখার সুযোগ পাবেন।

এরপর সর্বসাধারণ, বন্ধু-বান্ধব, সহকর্মী ও সংবাদমাধ্যমের কর্মীদের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত তাঁর মরদেহ রাখা হবে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে। সেখানেই বেলা ৩টায় অনুষ্ঠিত হবে মরহুমের জানাজার নামাজ। জানাজা শেষে বিকেল ৫টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে অত্যন্ত মর্যাদার সাথে তাঁকে দাফন করা হবে।

ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যে অবস্থানকালে তৌফিক ইমরোজ খালিদী গত ১ অক্টোবর রাতে লন্ডনে আকস্মিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে সেন্ট বার্থোলমিউস হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা জানান, তিনি মস্তিষ্কে রক্তক্ষরণে (ব্রেইন স্ট্রোক) আক্রান্ত হয়েছেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় ২ অক্টোবর দুপুর ২টা ২৩ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কলমযোদ্ধা। গত ৮ অক্টোবর পূর্ব লন্ডনের ঐতিহাসিক ব্রিকলেইন মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছিল।

১৯৮৯ সালে সাংবাদিকতায় পথচলা শুরু করা তৌফিক ইমরোজ খালিদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। কর্মজীবনের শুরুতে তিনি 'সানডে এক্সপ্রেস' দিয়ে শুরু করে পরবর্তীতে 'দ্য ডেইলি স্টার' এবং 'দ্য ফিন্যানশিয়াল এক্সপ্রেস'-এর মতো প্রভাবশালী দৈনিকে দায়িত্বশীল পদে কাজ করেন। ২০০০ সালের ফেব্রুয়ারি থেকে ২০০৫ সালের জুন পর্যন্ত তিনি লন্ডনে দীর্ঘ সময় বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসেও দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে তাঁরই সুদূরপ্রসারী নেতৃত্বে ২০০৬ সালে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করে দেশের প্রথম ২৪ ঘণ্টার ডিজিটাল নিউজ পোর্টাল 'বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম'। একই বছরের ২৩ অক্টোবর ২৪ ঘণ্টার নিরবচ্ছিন্ন বস্তুনিষ্ঠ অনলাইন সংবাদসেবার সূচনা করে বাংলাদেশের গণমাধ্যমে এক যুগান্তকারী পরিবর্তন এনেছিলেন নির্ভীক ও স্বাধীন সাংবাদিকতার এই ধারক।