বাংলাদেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রি গড়ার বড় সুযোগ রয়েছে: পানিসম্পদমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ণ
বাংলাদেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রি গড়ার বড় সুযোগ রয়েছে: পানিসম্পদমন্ত্রী

অনলাইন ডেস্ক: বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের চাহিদাকে সামাল দিতে দেশে বিশ্বমানের কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (রাসায়নিক শিল্প) গড়ার বিশাল সুযোগ ও অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) প্রাঙ্গণে আয়োজিত তিন দিনব্যাপী ‘বুটেক্স-আইটিইটি ডাই-কেম এক্সপো-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে পানিসম্পদমন্ত্রী বলেন, ‘বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো চ্যালেঞ্জ সামনে নিয়ে দেশ পুনর্গঠনের কাজ করছে। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে বহির্দেশের মতো টেক্সটাইল ও ডাইং খাতে বাংলাদেশেও নতুন নতুন প্রযুক্তি ও কাঁচামালের ডিমান্ড (চাহিদা) তৈরি করতে হবে। এই বিপুল কাঁচামালের যোগান স্থানীয়ভাবে নিশ্চিত করতে বাংলাদেশে ভারী কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ে তোলার দারুণ সুযোগ রয়েছে।’

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের প্রধান অর্থনীতিকে সমৃদ্ধ রাখা গার্মেন্টস ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখতে ও এগিয়ে নিতে একমাত্র বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হিসেবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অবদান ও দায়িত্ব অপরিসীম।

টেক্সটাইল প্রক্রিয়াজাতকরণ ও ডাইং কারখানায় পানির অপচয়ের বিষয়ে সতর্ক করে পানিসম্পদমন্ত্রী বলেন, ‘টেক্সটাইল খাতে শিল্প প্রক্রিয়াকরণে ভূগর্ভস্থ পানির বিপুল ব্যবহার হয়। আমাদের মনে রাখতে হবে, বিশুদ্ধ পানি অত্যন্ত মূল্যবান একটি প্রাকৃতিক সম্পদ। তাই এই খাতে যেন অপ্রয়োজনে পানি নষ্ট বা অপচয় না হয়, সেদিকে শিল্পের মালিক ও বিশেষজ্ঞদের কড়া নজর ও পরিমিত ব্যবহার নিশ্চিত করতে হবে।’

বস্ত্র খাতের ঐতিহাসিক পটভূমি তুলে ধরে তিনি স্মরণ করিয়ে দেন যে, স্বাধীন বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে এই খাতের প্রাতিষ্ঠানিক বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অত্যন্ত দূরদর্শী ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বর্তমানে বুটেক্স থেকে ডিগ্রিপ্রাপ্ত প্রকৌশলী ও পেশাজীবীদের দেশ ও বিদেশের শিল্পখাতে ব্যাপকভাবে মূল্যায়ন করা হচ্ছে।