দেশকে অস্থিতিশীল করতে ‘পতিত দোসরদের’ চক্রান্তের অভিযোগ রিজভীর
অনলাইন ডেস্ক: একটি নির্বাচিত সরকারকে বিপাকে ফেলতে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে 'পতিত দোসররা' নানা ধরনের অপচেষ্টা ও নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। এসব চক্রান্তের বিরুদ্ধে দেশের সর্বস্তরের জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ বুধবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের সরকার। এই সরকার কোনো ধরনের নৈরাজ্য, বিশৃঙ্খলা কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেবে না।’
বক্তব্যের এক পর্যায়ে সম্প্রতি পুলিশের নিরাপত্তা বেষ্টনী ও ভ্যান থেকে শীর্ষ এক সন্ত্রাসী পালিয়ে যাওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। প্রশ্ন তুলে রিজভী বলেন, ‘পুলিশের কঠোর পাহারার মধ্য থেকে কীভাবে একজন শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যেতে পারে? এই চরম অবহেলার সাথে যারা জড়িত, দ্রুত তদন্তের মাধ্যমে তাদের চিহ্নিত করে কঠোর আইনি ও বিচারিক ব্যবস্থার আওতায় আনতে হবে।’
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়ে রিজভী উল্লেখ করেন, সামাজিক ও ব্যক্তিগতভাবে আগে থেকে সচেতন হতে পারলে ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি নাগরিককে তাঁদের বাসার চারপাশ ও আশপাশে জমে থাকা পচা পানি দ্রুত পরিষ্কার করার কঠোর নির্দেশনা দিয়েছেন, যাতে মশার প্রজনন ক্ষেত্র তৈরি না হতে পারে। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে আগে ডেঙ্গু পরীক্ষার জন্য ফি নেওয়া হলেও বর্তমানে তা সম্পূর্ণ বিনামূল্যে করে দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।