শুটিংয়ে অপ্রয়োজনীয় ঘনিষ্ঠ দৃশ্যের প্রস্তাব: বিটাউনে ক্ষোভ প্রকাশ রাধিকা আপ্তের
বিনোদন ডেস্ক: বলিউডের অন্যতম প্রভাবশালী ও সাহসী অভিনেত্রী রাধিকা আপ্তে বরাবরই বাঁধভাঙা চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। তবে গল্পের প্রয়োজনে সাহসী দৃশ্যে অভিনয় করা আর জোর করে চিত্রে চটক আনতে অপ্রয়োজনীয় দৃশ্য জুড়ে দেওয়াকে কখনোই একভাবে দেখেননি তিনি। সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে ক্যারিয়ারের শুরুর দিকের এমনই কিছু তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।
রাধিকা জানান, ক্যারিয়ারের শুরুতে চার-পাঁচটি সিনেমায় নগ্ন বা সাহসী দৃশ্যে অভিনয় করার পর ইন্ডাস্ট্রির একাংশের ধারণা হয়েছিল যে তিনি যেকোনো চিত্রনাট্যেই এমন দৃশ্য করতে রাজী হবেন। কোনো সিনেমায় অনর্থক দৃশ্য বা চুম্বনের প্রস্তাবের তীব্র বিরোধিতা করলে পরিচালকদের পক্ষ থেকে বলা হতো, "একটু করে নাও, ১৫ সেকেন্ডের জন্য বিষয়টি ইম্প্রোভাইজ করো।"
শুধু ঘনিষ্ঠ দৃশ্যই নয়, একটি অ্যাকশন দৃশ্যে অভিনয়ের সময় শার্টের বোতাম খোলা রেখে শুটিং করার কথা বলা হয় তাকে। অভিনেত্রী যখন যুক্তি দেন যে অ্যাকশন দৃশ্যে শার্ট খুলে সরে যেতে পারে, তখন তাকে শার্ট ছাড়াই শুধু অন্তর্বাস পরে টেক দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল! এমন আপত্তিকর প্রস্তাবে স্তম্ভিত হয়ে পড়েন তিনি।
এছাড়াও ২০১৬ সালে তাঁর বহুল আলোচিত ‘পার্চড’ সিনেমার নগ্ন দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এবং সিনেমাটির মূল কাহিনি বাদ দিয়ে কেবল ওই দৃশ্যটি নিয়ে চর্চা হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তিনি স্পষ্ট করেন, গল্পের খাতিরে পার্চডের ওই দৃশ্যে তিনি সানন্দে কাজ করেছিলেন, কিন্তু সস্তা প্রচারণার জন্য অযাচিত দৃশ্য থোপানোর সংস্কৃতিকে তিনি স্পষ্ট ‘না’ বলেন।
বর্তমানে প্রশংসিত এই তারকাকে জনপ্রিয় অ্যান্থলজি সিরিজ ‘লাস্ট স্টোরিজ ৩’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে।