জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নে তরুণদের ভূমিকা পালনের আহ্বান: আইইবিতে পুরস্কার বিতরণী

প্রকাশ: বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ণ
জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নে তরুণদের ভূমিকা পালনের আহ্বান: আইইবিতে পুরস্কার বিতরণী
‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ রচনা প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা।

জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের পাতায় এক নতুন ও বৈষম্যহীন অধ্যায়ের সূচনা করেছে। বিজয়ের দুই বছর পর, চব্বিশের বীর শহীদদের স্বপ্ন ও বৈষম্যমুক্ত সমাজব্যবস্থার আকাক্সক্ষা বাস্তবে রূপ দিতে তরুণ প্রজন্মকেই মূল দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে।

গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) সকালে রাজধানীর রমনার আইইবি ভবনে অবস্থিত সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার মিলনায়তনে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত জাতীয় পর্যায়ের বিশেষ রচনা প্রতিযোগিতার সনদপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা এ কথা বলেন।

গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) মরিয়াম বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মনীষ চাকমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ যুগ্ম সচিব ফাহমিদুল হক এবং স্বাগত বক্তব্য দেন প্রিন্সিপাল লাইব্রেরিয়ান (উপপরিচালক) দেবাশীষ ভদ্র।

প্রধান অতিথির বক্তব্যে মনীষ চাকমা বলেন, "জুলাই গণআন্দোলনের মূল স্তম্ভই ছিল বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম। রাষ্ট্রীয় ও রাজনৈতিক শাসনব্যবস্থায় যখন সাধারণ মানুষের প্রত্যাশা প্রতিফলিত হয় না, তখনই জনক্ষোভের বিস্ফোরণ ঘটে। জুলাইয়ের এই অভ্যুত্থান আমাদের নতুন এক ন্যায়ের বাংলাদেশ গড়ার সুযোগ করে দিয়েছে।"

বই পড়ার গুরুত্ব তুলে ধরে তিনি আরও জানান, দেশে পাঠাভ্যাস বৃদ্ধিতে সরকার ইতোমধ্যে প্রাথমিক পর্যায়ে দেশের ১০০টি উপজেলায় আধুনিক গণগ্রন্থাগার নির্মাণের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি প্রতিটি জেলা গ্রন্থাগারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কর্নার ও শারীরিক প্রতিবন্ধী পাঠকদের সুবিধার্থে হুইলচেয়ারের ব্যবস্থা করা হচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে ফাহমিদুল হক বলেন, "জুলাইয়ের গণ-অভ্যুত্থান কেবল সাধারণ এক রাষ্ট্রক্ষমতা বদলের লড়াই ছিল না; এটি মূলত রাষ্ট্রযন্ত্রের সার্বিক চরিত্র পরিবর্তনের চূড়ান্ত প্রতিফলন। শিক্ষার্থীদের হাত ধরে শুরু হওয়া এই বিপ্লবে দেশের সর্বস্তরের মানুষের যে গণজোয়ার তৈরি হয়েছিল, তা ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে তরুণদের পথপ্রদর্শকের ভূমিকা পালন করবে।"

অনুষ্ঠানের সভাপতি মরিয়ম বেগম তাঁর বক্তব্যে যেসব বীর তরুণের আত্মত্যাগের বিনিময়ে ফ্যাসিবাদের পতন ঘটে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে, তাঁদের স্বপ্ন পূরণই বর্তমান রাষ্ট্রের প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে অভিমত ব্যক্ত করেন।

আলোচনা পর্বের সমাপ্তিতে জাতীয় পর্যায়ের রচনা প্রতিযোগিতায় বিজয়ী মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদপত্র ও মূল্যবান স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।

মন্তব্য করুন