যুবসমাজই আমাদের জাতীয় অগ্রগতির চালিকাশক্তি: এমপি হেলাল

প্রকাশ: বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ণ
যুবসমাজই আমাদের জাতীয় অগ্রগতির চালিকাশক্তি: এমপি হেলাল

খুলনা প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধারা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের নতুন প্রেরণা জুগিয়েছেন বলে মন্তব্য করেছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী।

বুধবার (৫ আগস্ট) খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত জুলাই শহীদ পরিবার, আহত ব্যক্তি ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য এস কে আজিজুল বারী বলেন, একটি বৈষম্যহীন, সুন্দর ও শান্তিময় বাংলাদেশ গড়ার সুদৃঢ় অঙ্গীকার নিয়ে সর্বস্তরের মানুষ এই গণঅভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েছিল। যুবসমাজই আমাদের জাতীয় অগ্রগতির মূল চালিকাশক্তি, তাদের ইতিবাচক পদক্ষেপে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। কোনো অনিয়ম বা অনৈতিকতার অভিযোগ প্রমাণিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না এবং আইনানুগ জবাবদিহি নিশ্চিত করা হবে। এ সময় তিনি সর্বস্তরের কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

দিবসটি উপলক্ষে ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে নগরীর শিববাড়ির জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের সূচনা করা হয়।

স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাগণ। এছাড়া বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ (জেলা ও মহানগর), খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী, বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন, রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান, কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলম, ওয়াসা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা প্রশাসক হুরে জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

পরবর্তীতে কর্মসূচির অংশ হিসেবে স্বেচ্ছায় রক্তদান এবং বসুপাড়া কবরস্থানে জুলাই শহীদ শেখ সাকিব রায়হানের কবর জিয়ারত ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন