স্লুইস গেট দেখবে স্থানীয় প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড নয়: পেকুয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:২৭ অপরাহ্ণ
স্লুইস গেট দেখবে স্থানীয় প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড নয়: পেকুয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী
পেকুয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

নিজস্ব প্রতিবেদক: স্লুইস গেটের দৈনন্দিন ব্যবস্থাপনার দায়িত্বে আর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এখন থেকে স্থানীয় প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা এই দায়িত্ব পালন করবেন।

শনিবার (১৮ জুলাই) দুপুরে কক্সবাজারের পেকুয়া উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

স্লুইস গেট পরিচালনা নিয়ে মাঠপর্যায়ের বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে সরকার এই নতুন নির্দেশনা জারি করেছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, "নতুন এই সিদ্ধান্তের ফলে স্থানীয় পর্যায়ে প্রয়োজনের সময় স্লুইস গেট খুলে পানি নিষ্কাশন করা এবং জোয়ারের লবণাক্ত পানি প্রবেশ রোধে সময়মতো গেট বন্ধ করা সহজ হবে। এতে স্থানীয় জনগণের ভোগান্তি কমবে এবং স্লুইস গেটের ব্যবস্থাপনা আরও গতিশীল হবে।"

উপকূলীয় অঞ্চলের ভৌগোলিক বাস্তবতার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নদী ও সমুদ্র তীরবর্তী এলাকায় বন্যা, জলোচ্ছ্বাস এবং প্রাকৃতিক দুর্যোগ একটি নিয়মিত বিষয়। এসব দুর্যোগ মোকাবিলায় সরকারের মূল লক্ষ্য হলো টেকসই ও শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণ করা, যাতে উপকূলের মানুষকে কার্যকর সুরক্ষা দেওয়া সম্ভব হয়। তিনি জানান, দেশের অভ্যন্তরীণ পানি নিষ্কাশনের সুবিধার্থে কক্সবাজারসহ বিভিন্ন জেলার বন্ধ খালের মুখে নতুন স্লুইস গেট নির্মাণ করা হচ্ছে। লবণাক্ততা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ও স্লুইস গেটগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড নিয়মিত মেরামত করে থাকে বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে বেলা সাড়ে ১১টায় পেকুয়া উপজেলা মাঠে ‘শামসুল হক ফাউন্ডেশন’ আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে ১০০টি ঘর নির্মাণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, "জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে মানুষের যেকোনো বিপদে পাশে থাকা আমাদের দায়িত্ব ও অঙ্গীকার। 'সবার আগে বাংলাদেশ, ক্ষমতার আগে জনগণ'— এই নীতিকে ধারণ করেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।"

বন্যাদুর্গতদের সহায়তার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, শুধু ঘরবাড়ি হারানো পরিবারই নয়, বরং বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষি এবং গবাদিপশুপালকদের জন্যও বিশেষ সরকারি প্রণোদনা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণ করা হবে। পাশাপাশি মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ক্ষয়ক্ষতি নিরূপণ করে দ্রুত সহায়তা দেওয়া হবে। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট এবং স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি আশ্বস্ত করেন।

সরকার সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে এবং জনবান্ধব নীতি অনুসরণ করবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী দেশবাসীর কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন। অনুষ্ঠান শেষে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন, তাদের সার্বিক খোঁজখবর নেন এবং পুনর্বাসন সামগ্রী পরিদর্শন করেন।

উল্লেখ্য, দুই দিনের সরকারি সফরে শুক্রবার কক্সবাজার আসেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সফরের প্রথম দিন তিনি চকরিয়া উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন এবং দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

মন্তব্য করুন