বিশ্বকাপ ফাইনালে প্রথম হাফটাইম শো, পারফর্ম করবেন শাকিরা-বিটিএস-বিবার
বিনোদন ডেস্ক :বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর বহুল প্রতীক্ষিত ফাইনাল ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনায় যোগ হচ্ছে এক নতুন ঐতিহাসিক মাত্রা। স্পেন ও আর্জেন্টিনার শিরোপা লড়াইয়ের পাশাপাশি এবারই প্রথমবারের মতো বিশ্বকাপের মেগা ফাইনালে আয়োজন করা হচ্ছে মার্কিন সুপার বোলের আদলে জমকালো ‘হাফটাইম শো’। ফুটবলের ইতিহাসে এই নতুন সংযোজনকে ঘিরে বিশ্বজুড়ে ক্রীড়া ও বিনোদনপ্রেমীদের মাঝে তৈরি হয়েছে তুমুল সাড়া।
আগামী রবিবার (বাংলাদেশ সময় সোমবার ভোর ১টা) নিউইয়র্ক-নিউ জার্সির বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। ফুটবল রোমাঞ্চের এই ফাইনালের বিরতির সময় অনুষ্ঠিত হবে প্রায় ১১ মিনিটের এই বিশেষ সংগীতানুষ্ঠান। মাঠে মেগা মঞ্চ তৈরি ও তা সরিয়ে নিতে অতিরিক্ত সময় লাগায়, ফাইনাল ম্যাচের বিরতির মোট সময় কিছুটা বাড়িয়ে দেওয়া হয়েছে।
এই হাফটাইম শোকে স্মরণীয় করে তুলতে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সংগীত তারকাদের এক মঞ্চে এনেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও গ্লোবাল সিটিজেন। এবারের মহাজাঁকজমকপূর্ণ আয়োজনে লাইভ পারফর্ম করবেন পপ তারকা জাস্টিন বিবার, লাতিন সম্রাজ্ঞী শাকিরা, পপ কুইন ম্যাডোনা, দক্ষিণ কোরিয়ার বিশ্বখ্যাত ব্যান্ড বিটিএস (BTS), আফ্রোবিট তারকা বার্না বয়, বিশ্বখ্যাত কন্ডাক্টর গুস্তাভো দুদামেল এবং পিএস২২ কোরাস। ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন পুরো অনুষ্ঠানের সৃজনশীল তত্ত্বাবধান করছেন এবং কোল্ডপ্লেও বিশেষ পরিবেশনায় অংশ নেবে।
বিশ্বকাপের এই অবিস্মরণীয় ইতিহাসের অংশ হতে পেরে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন পপ সেনসেশন জাস্টিন বিবার। নিজের অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন:
‘বিশ্বকাপ পুরো পৃথিবীকে এক সুতোয় বেঁধে রাখে। এই ঐতিহাসিক আয়োজনের অংশ হতে পারা আমার জন্য অত্যন্ত গর্বের। তবে সবচেয়ে আনন্দের বিষয় হলো, এই পুরো উদ্যোগটি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার উন্নয়নে কাজ করবে।’
বিশ্বকাপের অফিশিয়াল গান ‘দাই দাই’-এর অন্যতম জনপ্রিয় শিল্পী বার্না বয়ও জানিয়েছেন, ফাইনালের এই বিশ্বমঞ্চে আফ্রিকার প্রতিনিধিত্ব করতে পারা তাঁর জন্য অনেক বড় প্রাপ্তি। ধারণা করা হচ্ছে, শাকিরার সঙ্গে তাঁর দ্বৈত কণ্ঠের গানটিও হাফটাইম শোতে পরিবেশন করা হবে। শুধু সংগীতশিল্পীরাই নন, ছোটদের আনন্দ দিতেও থাকছে বিশেষ আয়োজন। জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান ‘সিসেমি স্ট্রিট’-এর চেনা চরিত্রগুলোর পাশাপাশি ‘কারমিট দ্য ফ্রগ’ ও ‘মিস পিগি’ও এই অনুষ্ঠানে অংশ নেবে।
ফিফা জানিয়েছে, এই মেগা আয়োজনের উদ্দেশ্য শুধু বিনোদন নয়, এর পেছনে রয়েছে একটি মহৎ মানবিক উদ্দেশ্য। হাফটাইম শো থেকে সংগৃহীত যাবতীয় অর্থ সরাসরি ব্যয় হবে ‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এ। সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্মত শিক্ষা ও ফুটবলে অংশগ্রহণের সুযোগ বাড়াতে ১০০ মিলিয়ন মার্কিন ডলারের একটি বিশাল তহবিল গঠনের লক্ষ্য নিয়েছে সংস্থাটি।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই উদ্যোগের প্রশংসা করে বলেছেন, ‘বিশ্বে এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজনীয় জিনিসের কথা যদি ওঠে, তা শিক্ষার চেয়ে বড় কিছু হতে পারে না। তাই সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও ফুটবলে অংশগ্রহণের সুযোগ বাড়ানোর এই মহৎ উদ্যোগে জাস্টিন বিবার, ম্যাডোনা, শাকিরা এবং বিটিএসের মতো বৈশ্বিক তারকাদের পাশে পেয়ে আমরা গর্বিত।’
|