খোকসায় প্রতিপক্ষের হামলায় নিহত ২
কাঞ্চন কুমার, কুষ্টিয়া: কুষ্টিয়ার খোকসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফারুক হোসেন ও আব্দুল শেখ নামের দুই জনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
শুক্রবার (১৭ জুলাই ২০২৬) রাত ১টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামের ব্রিক ফিল্ড এলাকায় এই নির্মম ঘটনা ঘটে।
নিহত ফারুক হোসেন দেবীনগর এলাকার মৃত চাঁদ আলীর ছেলে এবং নিহত আব্দুল শেখ একই এলাকার আতিয়ার শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকার ছালিম হোসেনের সঙ্গে সামিরুল মোল্লার বিরোধ চলছিল। রাতে সামিরুল দলবল নিয়ে ছালিম হোসেনের বাড়িতে আচমকা হামলা চালায়। টের পেয়ে ছালিম হোসেন কৌশলে বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হন।
তবে ওই সময় ছালিমের বাড়িতে অবস্থান করা ফারুক হোসেন (৪৫), আব্দুল শেখ (৩০) ও মুল্লুক মন্ডলকে (৩৫) চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে হামলাকারীরা। এতে ঘটনাস্থলেই ফারুক হোসেন ও আব্দুল শেখের মৃত্যু হয়। গুরুতর আহত মুল্লুক মন্ডল কোনোমতে পালিয়ে অন্যত্র চিকিৎসা নিচ্ছেন। পরে হামলাকারীরা চলে গেলে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেয়। পুলিশ এসে নিহত দুই জনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, গতকাল শুক্রবার বিকেলে দুই পক্ষের মধ্যে গোলমাল হয়। এর জের ধরে রাত ১টার দিকে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে।
এআইএল/সকালবেলা
|