প্রেম ভাঙার গুঞ্জন উড়িয়ে রোমান্টিক ছবিতে কৃতি স্যানন

প্রকাশ: বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৪৯ অপরাহ্ণ
প্রেম ভাঙার গুঞ্জন উড়িয়ে রোমান্টিক ছবিতে কৃতি স্যানন

বিনোদন প্রতিবেদক: বলিউড অভিনেত্রী কৃতি স্যানন এবং যুক্তরাজ্যের নামী ব্যবসায়ী কবীর বাহিয়ার প্রেম ভেঙে যাওয়ার গুঞ্জনে গত কয়েক দিন ধরে উত্তাল ছিল বলিপাড়া। অন্য এক নারীর সাথে কবীরের একটি পার্টি করার ছবি ভাইরাল হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে রটে যায়— ভেঙে গেছে কৃতির মন এবং ‘মিমি’ খ্যাত এই অভিনেত্রী এখন সিঙ্গেল। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার নিজেই এর মোক্ষম জবাব দিলেন কৃতি।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বছরের প্রথমার্ধের একগুচ্ছ অদেখা ছবির কোলাজ শেয়ার করেছেন কৃতি স্যানন। আর সেই অ্যালবামের ১৫ নম্বর স্লাইডেই লুকিয়ে ছিল আসল চমক, যা কৃতি-কবীর ভক্তদের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।

কৃতির শেয়ার করা সেই ক্যান্ডিড ছবিতে দেখা যায়, একটি পারিবারিক অনুষ্ঠানে পাঞ্জাবি গায়ক সুখবীরের লাইভ গান উপভোগ করছেন তারা। ক্যামেরার দিকে পিঠ দিয়ে থাকলেও ছবিতে স্পষ্ট দেখা যায়, কৃতি তার প্রেমিক কবীর বাহিয়াকে পরম ভালোবাসায় জড়িয়ে ধরে আছেন। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “বছরের মাঝামাঝি সময়ের কিছু অদেখা মুহূর্ত, যা কখনো ইনস্টাগ্রামে জায়গা পায়নি (এবং কিছু মুহূর্ত কখনো পাবেও না...)।” প্রিয় তারকাকে এভাবে প্রেমিকের বাহুডোরে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ভক্তরা। কৃতির পোস্টে এক ভক্ত মন্তব্য করেছেন, “১৫ নম্বর স্লাইডটা সেরা, কারো যেন কু-নজর না লাগে!”

আসলে কয়েক দিন আগে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ‘রেডিট’-এ কবীরের সঙ্গে অন্য এক তরুণীর পার্টির ছবি ভাইরাল হয়। এর পর থেকেই নেটিজেনদের একাংশ দাবি করতে থাকেন, কৃতিকে ধোঁকা দিচ্ছেন কবীর এবং তাদের ব্রেকআপ হয়ে গেছে।

তবে কবীরের ঘনিষ্ঠ একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস্ অব ইন্ডিয়া’কে জানিয়েছে, এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। সূত্রটি বলে, “কবীর ও সেই তরুণীর ছবিটিকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। ওই মেয়েটি কবীরের পারিবারিক বন্ধু এবং কবীর তাকে নিজের বোনের মতো মনে করেন। মানুষ কত সহজে না জেনে মিথ্যা রটনা তৈরি করে দেয়, তা সত্যিই দুঃখজনক।”

গত দুই বছর ধরে কৃতি ও কবীরকে প্রায়ই একসাথে বিভিন্ন জায়গায় দেখা যায়। দুবাইতে ২০২৪ সালের নিউ ইয়ার সেলিব্রেশনে ভারতের সাবেক অধিনায়ক এমএস ধোনি ও তার স্ত্রী সাক্ষীর সাথেও এই জুটিকে পার্টি করতে দেখা গিয়েছিল। এমনকি গ্রিসে কৃতির জন্মদিনের ছুটিতেও সাথে ছিলেন কবীর। সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরের পোস্টে নিয়মিত রোমান্টিক কমেন্টও করেন এই যুগল।

কাজের ফ্রন্টে, কৃতি স্যাননকে সর্বশেষ দেখা গেছে হোমি আদাজানিয়ার ‘ককটেল ২’ সিনেমায়। অভিনয়ের পাশাপাশি নিজের প্রযোজনা সংস্থা ‘ব্লু বাটারফ্লাই ফিল্মস’ থেকে কাজলকে নিয়ে ‘দো পাত্তি’ সিনেমাটিও প্রযোজনা করেছেন তিনি।

মন্তব্য করুন