মালয়েশিয়ার রাজার সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ
অনলাইন ডেস্ক: মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইবনে আলমারহুম সুলতান ইস্কান্দারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান।
আজ সোমবার (২২ জুন) স্থানীয় সময় দুপুরে মালয়েশিয়ার রাজ প্রাসাদ ‘ইস্তেনা নেগারা’য় এই দ্বিপক্ষীয় সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাক্ষাৎকালে মালয়েশিয়ার রানী রাজা জারিথ সোফিয়াও উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে দুই দেশের শীর্ষ নেতৃত্ব পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৩১ জানুয়ারি মালয়েশিয়ার ১৭তম রাজা হিসেবে অভিষিক্ত হন দেশটির জোহর রাজ্যের সুলতান ইব্রাহিম ইস্কান্দার। মালয়েশিয়ায় ১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকেই ব্যতিক্রমী এক ঘূর্ণায়মান রাজতন্ত্র চালু রয়েছে। দেশটির ১৩টি প্রদেশের মধ্যে ৯টি প্রাচীন রাজপরিবার থেকে চক্রাকারে প্রতি পাঁচ বছরের জন্য রাজা নির্বাচন করা হয়, যা বর্তমানে বিশ্বের বৃহত্তম রাজতন্ত্র হিসেবে পরিচিত।
|