গাজীপুরে কারখানার বয়লার বিস্ফোরণ
মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের পুবাইল এলাকায় ‘অটো গ্রিন’ নামে একটি কারখানায় বয়লার বিস্ফোরণ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আজ শনিবার (২০ জুন) দুপুরে এই বয়লার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুবাইল এলাকায় পুরোনো টায়ার গলিয়ে তেল তৈরির ‘অটো গ্রিন’ নামের ওই কারখানাটি অবস্থিত। এই কারখানায় বয়লারের উচ্চ তাপমাত্রার মাধ্যমে টায়ার পুড়িয়ে তেল সংগ্রহ করা হতো। প্রতিদিনের মতো আজ দুপুরেও কারখানায় কাজ চলছিল। এ সময় হঠাৎ বিকট শব্দে কারখানার ভেতরের একটি বয়লার বিস্ফোরিত হয় এবং মুহূর্তের মধ্যে পুরো কারখানায় আগুন লেগে যায়।
কারখানায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। সংবাদ পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে ফায়ার ফাইটারদের প্রায় এক ঘণ্টার আপ্রাণ চেষ্টায় কারখানার আগুন সম্পূর্ণ নেভানো সম্ভব হয়। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহীন আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, টায়ার গলিয়ে তেল সংগ্রহের ওই কারখানায় মূলত বয়লার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত গিয়ে আগুন নেভাতে সক্ষম হন। সময়মতো আগুন নিয়ন্ত্রণে আণায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে এবং ঘটনায় কেউ হতাহত হননি।
এআইএল/সকালবেলা
|