ব্রাজিলের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় হাইতির
ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপ ফুটবলের গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে চেনা ছন্দে ফিরেছে সেলেসাওরা। দুর্দান্ত ফুটবল খেলে হাইতিকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। এই হারের ফলে আসরের গ্রুপপর্বের এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল হাইতির। বিশ্বকাপে এখন পর্যন্ত খেলা দুটি ম্যাচের কোনোটিতেই জয়ের মুখ দেখতে পারেনি ক্যারিবীয় অঞ্চলের দেশটি।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে লড়ে ১-০ গোলে হেরেছিল হাইতি। আজ শনিবার (২০ জুন) দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ব্রাজিলের মুখোমুখি হয়েছিল তারা। তবে এই ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের আক্রমণের সামনে টিকতে না পেরে শেষ হলো হাইতির বিশ্বকাপ মিশন।
এদিন ব্রাজিলের শুরুর একাদশে আইগর থিয়াগোর পরিবর্তে সুযোগ পান ম্যাথিউস কুনহা। ম্যাচের সূচনা থেকেই মাঠে দারুণ প্রভাব ফেলেন তিনি। ম্যাচের শুরুর দিকে কিছুটা এলোমেলো পরিস্থিতির সুযোগ নিয়ে হাইতির রক্ষণভাগ ভেঙে ব্রাজিলকে এগিয়ে দেন কুনহা। এর ঠিক কয়েক মিনিট পরেই দুর্দান্ত এক ফিনিশিংয়ে নিজের এবং দলের দ্বিতীয় গোলটি তুলে নেন এই ফরওয়ার্ড।
ব্রাজিলের হয়ে ব্যবধান ৩-০ করেন তারকা উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র। মাঝমাঠ থেকে বল পেয়ে হাইতির গোলরক্ষককে একা পেয়ে ঠান্ডা মাথায় বল জালে জড়ান তিনি। প্রথমার্ধেই তিন গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয় আর্ধে হাইতি তুলনামূলকভাবে সংগঠিত ও দৃঢ় ফুটবল উপহার দেয়। তবে ব্রাজিলের রক্ষণভাগ ভাঙা বা স্কোরলাইনে কোনো পরিবর্তন আনা তাদের পক্ষে সম্ভব হয়নি।
শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানের সহজ জয় নিয়ে পূর্ণ ৩ পয়েন্ট পকেটে পুরে মাঠ ছাড়ে ব্রাজিল। আর তাতেই গ্রুপপর্বের সমীকরণ থেকে ছিটকে গিয়ে হাইতির বিশ্বকাপ অভিযানের যবনিকা ঘটল।
|