ফুটবল খেলার সময় বজ্রাঘাতে যুবকের মৃত্যু

প্রকাশ: সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:১৫ অপরাহ্ণ
ফুটবল খেলার সময় বজ্রাঘাতে যুবকের মৃত্যু
সংগৃহীত ছবি

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ফুটবল খেলার সময় বজ্রাঘাতে অন্তর আলী (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার শিবগঞ্জ পৌর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অন্তর আলী শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর (মণ্ডলটোলা) মহল্লার আব্দুল মান্নানের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বাড়ির অদূরে একটি খোলা মাঠে সমবয়সীদের সঙ্গে ফুটবল খেলছিলেন অন্তর আলী। খেলা চলাকালীন হঠাৎ করে এলাকায় হালকা ঝড়সহ বজ্রবৃষ্টি শুরু হয়। এ সময় খেলার মাঠেই বজ্রপাতের শিকার হয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন