বিএনপি বেশিদিন দেশ চালাতে পারবে না: আসিফ মাহমুদ

প্রকাশ: শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১০ অপরাহ্ণ
বিএনপি বেশিদিন দেশ চালাতে পারবে না: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: বিএনপি বেশিদিন দেশ চালাতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ। আজ শনিবার (৬ জুন) দুপুরে কুমিল্লার কান্দিরপাড় এলাকায় অবস্থিত দেশপ্রিয় কনভেনশন সেন্টারে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এনসিপির সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, "আমরা ইতোমধ্যে দেশের তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছি। দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরাই সর্বপ্রথম ছায়া বাজেট প্রণয়ন করেছি। জনগণের প্রত্যাশা ও রাষ্ট্র সংস্কারের মূল লক্ষ্য নিয়েই আমরা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি।"

এনসিপির প্রতি সর্বস্তরের মানুষের ভালোবাসা ও সমর্থন রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, সিটি করপোরেশন নির্বাচন থেকে শুরু করে দেশের সব ধরনের নির্বাচনে অংশগ্রহণের পূর্ণ প্রস্তুতি নিচ্ছে তাঁদের দল। আগামী শীতের মধ্যেই কয়েক ধাপে বিভিন্ন স্থানীয় ও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান। আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন প্রসঙ্গে দলের অবস্থান পরিষ্কার করে এনসিপির মুখপাত্র বলেন, কুমিল্লার মেয়র পদে আমাদের আনুষ্ঠানিক প্রার্থী হবেন জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলাম। তিনি ২০১৮ সাল থেকে মাঠপর্যায়ে অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন এবং দলের কেন্দ্রীয় বিশ্বাস যে, কুমিল্লার সাধারণ জনগণ আগামী মেয়র নির্বাচনে তারিকুল ইসলামকেই যোগ্য নেতা হিসেবে বেছে নেবে।

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্এ-র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির সভাপতি ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র প্রার্থী তারিকুল ইসলাম এবং জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার। এ ছাড়াও অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন