বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান গৌরি

প্রকাশ: বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:২০ অপরাহ্ণ
বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান গৌরি

আমির খান ও গৌরি

বিনোদন ডেস্ক: বলিউড পাড়ায় নতুন বিয়ের গুঞ্জন। দীর্ঘদিনের প্রেমকে এবার পরিণতির দিকে নিয়ে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা আমির খান ও তাঁর প্রেমিকা গৌরি স্প্র্যাট। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৫ জুলাই পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে বিয়ে সারবেন এই জুটি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাত দিয়ে এই খবর জানা গেছে। তবে বিয়ের এই গুঞ্জন নিয়ে আমির কিংবা গৌরির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গত বছর নিজের ৬০তম জন্মদিনে আনুষ্ঠানিকভাবে গৌরির সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির খান। অবশ্য তাঁদের প্রেমের শুরুটা হয়েছিল তারও প্রায় দেড় বছর আগে থেকে এবং তখন থেকেই দুজনকে বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যায়।

এই গুঞ্জন যদি সত্যি হয়, তবে এটি হতে যাচ্ছে আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে তিনি ১৯৮৬ সালে রীনা দত্ত এবং ২০০২ সালে কিরণ রাওকে বিয়ে করেছিলেন। পূর্বের দুই সংসারে আমিরের তিন সন্তান রয়েছে—জুনাইদ খান, ইরা খান ও আজাদ রাও খান। অন্যদিকে, গৌরির বাড়ি বেঙ্গালুরুতে এবং তিনি একটি নামি বিউটি সেলুনের মালিক। তাঁরও আগে একটি সংসার ছিল এবং সেই সংসারে সাত বছর বয়সী একটি সন্তান রয়েছে।

গৌরিকে নিয়ে বিভিন্ন সময়ে নিজের মুগ্ধতার কথা প্রকাশ করেছেন আমির খান। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি, গৌরির সঙ্গে আমার দেখা হয়েছে এবং আমাদের সম্পর্ক শুরু হয়েছে। সে অসাধারণ একজন মানুষ। ওর সঙ্গে থাকলে মানসিক শান্তি অনুভব করি।”

সাবেক দুই স্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমির আরও বলেন, “কিরণ ও রীনার সঙ্গেও আমার সম্পর্ক গভীর ছিল, কিন্তু সেগুলো শেষ পর্যন্ত টেকেনি। আজ মনে হয়, গৌরি আমার জীবনে আসায় আমি সত্যিই ধন্য। আমরা একসঙ্গে খুব সুখে আছি। মনে হয়, আমি যেন পূর্ণতা খুঁজে পেয়েছি।”

মন্তব্য করুন