কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজন শুরু হচ্ছে আজ

প্রকাশ: শনিবার, ২৩ মে ২০২৬, ০৬:১১ অপরাহ্ণ
কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজন শুরু হচ্ছে আজ

কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনে অনুপম রায়। ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক: গত নভেম্বরে রুনা লায়লার ‘মাস্ত কালান্দার’ গান দিয়ে শেষ হয়েছিল কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন। ছয় মাস বিরতির পর নতুন সিজন নিয়ে ফিরছে বহুল আলোচিত এই প্ল্যাটফর্মটি। 

আজ শনিবার (২৩ মে) প্রকাশ পেতে যাচ্ছে কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের প্রথম গান।

প্রথম তিন সিজনের মতো এবারও কোক স্টুডিও বাংলার কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করছেন শায়ান চৌধুরী অর্ণব। এবারের নতুন সিজনটিও সাজানো হয়েছে বিভিন্ন ঘরানার দেশি-বিদেশি শিল্পীদের মেলবন্ধনে, যেখানে বরাবরের মতোই প্রাধান্য দেওয়া হয়েছে বাঙালি সংস্কৃতি ও লোকগানকে। এই সিজনে গান গেয়েছেন মৌসুমী আক্তার সালমা, মাহাতিম সাকিব, সুনিধি নায়েক, শোয়েব, অঙ্কন কুমার এবং জনপ্রিয় ব্যান্ড মেঘদলসহ আরও অনেকে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজন শুরু হচ্ছে একটি বিশেষ নজরুলসংগীত দিয়ে। শুভেন্দু দাস শুভর সংগীত আয়োজনে উদ্বোধনী এই গানটি গেয়েছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী মাহাতিম সাকিব।

কোক স্টুডিও বাংলার অন্যতম মূল আকর্ষণ থাকে দেশীয় শিল্পীদের সঙ্গে বিদেশি তারকাদের কোলাবরেশন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না, বেশ কয়েকজন বিদেশি শিল্পী অংশ নিয়েছেন এই সিজনে। তাদের মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার অনুপম রায়। এর আগে ২০১৫ সালে ‘কোক স্টুডিও ইন্ডিয়া’র মঞ্চে বাংলা ও হিন্দি মিশ্রণে লালন শাহের ‘মনের মানুষ’ গানটি করেছিলেন তিনি। দীর্ঘ ১০ বছর পর আবারও কোক স্টুডিওর প্ল্যাটফর্মে ফিরলেন অনুপম।

উল্লেখ্য, ২০২২ সালে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে কোক স্টুডিও বাংলা। প্রথম দুই সিজন সফলভাবে শেষ হলেও কিছুটা বিঘ্ন ঘটেছিল তৃতীয় সিজনে। তিনটি গান প্রকাশের পর প্রায় এক বছরের বেশি সময় থমকে থাকার পর বিরতি কাটিয়ে গত বছরের অক্টোবরে পুনরায় ফেরে কার্যক্রম। দুই ভাগে প্রকাশ হওয়া সেই তৃতীয় সিজনে মোট ৮টি গান ছিল, যার মধ্যে প্রীতম হাসানের ‘মা লো মা’, শুভেন্দু দাস শুভর ‘লং ডিসটেন্স লাভ’ এবং হাবিব ওয়াহিদের ‘মহা জাদু’ গানগুলো ভিউ ও জনপ্রিয়তার দিক থেকে শীর্ষে ছিল।

মন্তব্য করুন