কথা রাখলেন অক্ষয়, কাশ্মীরের প্রত্যন্ত স্কুলে ১ কোটি রুপি অনুদান

প্রকাশ: শনিবার, ২৩ মে ২০২৬, ১২:২৫ অপরাহ্ণ
কথা রাখলেন অক্ষয়, কাশ্মীরের প্রত্যন্ত স্কুলে ১ কোটি রুপি অনুদান

বলিউড অভিনেতা অক্ষয় কুমার। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: কাশ্মীরের সীমান্তবর্তী একটি সরকারি স্কুলে এক কোটি রুপি অনুদানের প্রতিশ্রুতি দিয়ে তা বাস্তবে রূপ দিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার গুরেজ উপত্যকার প্রত্যন্ত সীমান্ত গ্রাম নেরো তুলাইলে অবস্থিত এই সরকারি স্কুলটি একসময় জরাজীর্ণ অবস্থায় ছিল। অভিনেতার দেওয়া এই অনুদানের মাধ্যমে স্কুলটিতে আধুনিক শিক্ষা ভবন, নতুন ক্লাসরুম, লাইব্রেরি ও কম্পিউটার ল্যাব নির্মাণ করা হয়েছে।

২০২১ সালে অক্ষয় কুমার বিএসএফের আমন্ত্রণে সীমান্তে কর্মরত জওয়ানদের সঙ্গে দেখা করতে কাশ্মীরে গিয়েছিলেন। সেই সময় উত্তর কাশ্মীরের এই নেরো গ্রামে গিয়ে স্কুলের বেহাল অবস্থা এবং পড়ুয়াদের সমস্যা দেখে তিনি এক কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। দীর্ঘ পাঁচ বছর পর সম্প্রতি সেই প্রতিশ্রুতি পূরণ করলেন এই অভিনেতা।

অক্ষয়ের অনুদানে তৈরি হওয়া নতুন এই ভবনের নাম রাখা হয়েছে শ্রী হরি ওম ভাটিয়া এডুকেশন ব্লক। অক্ষয়ের বাবা প্রয়াত হরি ওম ভাটিয়ার স্মৃতিতে এটি তৈরি করা হয়েছে। এই নতুন ভবনে আধুনিক শ্রেণিকক্ষ, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি এবং শিক্ষকদের জন্য আলাদা অফিস স্পেসের পাশাপাশি মিড-ডে মিল প্রকল্পের সুবিধাও উন্নত করা হয়েছে।

দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে ১০০টিরও বেশি হিন্দি সিনেমায় অভিনয় করা অক্ষয় কুমার এর আগেও বিভিন্ন সময় মানবিক উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তার এই উদারতায় নেরো তুলাইল গ্রামের প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে এক নতুন দিগন্তের সূচনা হলো।

মন্তব্য করুন