নিজস্ব প্রতিবেদক: ২০২৮ সালের মধ্যে দেশে নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়নের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শুক্রবার (৮ মে ২০২৬) বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, “নতুন কারিকুলাম বাস্তবায়নের অংশ হিসেবে ইতিমধ্যে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। তারা পাঠ্যবই পরিবর্তন ও পরিমার্জনের কাজ শুরু করেছেন। আমাদের লক্ষ্য ২০২৮ সালের মধ্যে পূর্ণাঙ্গভাবে নতুন এই কারিকুলাম চালু করা।” তিনি আরও উল্লেখ করেন, আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে হলে পাঠ্যবইয়ের কাগজের মান ও প্রিন্টিং আরও উন্নত করা প্রয়োজন।
শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়াতে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, “শিক্ষকদের ইতিমধ্যে ট্যাব দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে আমরা দেশের শিক্ষার্থীদের হাতেও ট্যাব পৌঁছে দেওয়ার উদ্যোগ নেব।” এছাড়া নোট-গাইড থেকে শিক্ষকদের প্রশ্নপত্র তৈরির পদ্ধতি বন্ধে শিক্ষা মন্ত্রণালয় কঠোর পদক্ষেপ নেবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
কর্মশালায় উপস্থিত স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বইমেলা আয়োজন নিয়ে একটি নতুন প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, “বই প্রকাশের সঙ্গে শুধু সংস্কৃতি মন্ত্রণালয় বা বাংলা একাডেমি নয়, শিক্ষা মন্ত্রণালয় এবং পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতিকে যুক্ত করা প্রয়োজন। আগামী বছর থেকে বইমেলা আয়োজনে এই সমন্বিত উদ্যোগ নেওয়া যেতে পারে।”
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা কর্মশালায় উপস্থিত ছিলেন।