রবীন্দ্রনাথের গল্পে সামিয়া অথই

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:২৪ অপরাহ্ণ
রবীন্দ্রনাথের গল্পে সামিয়া অথই

ছোট পর্দার পরিচিত মুখ সামিয়া অথই এবার রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গল্প স্ত্রীর পত্র অবলম্বনে নির্মিত একটি বিশেষ নাটকে অভিনয় করেছেন। এতে তিনি গল্পের প্রধান ও অত্যন্ত শক্তিশালী চরিত্র ‘মৃণালিনী’র ভূমিকায় অভিনয় করেছেন। কবিগুরুর জন্মজয়ন্তী উপলক্ষে আজ দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে নাটকটি প্রচারিত হবে।

রবীন্দ্রনাথের কোনো কালজয়ী চরিত্রে অভিনয় করা যেকোনো অভিনেত্রীর জন্যই স্বপ্নের মতো। এ প্রসঙ্গে সামিয়া অথই বলেন, "রবীন্দ্রনাথ ঠাকুরের এমন অসাধারণ একটি গল্পের মূল চরিত্রে কাজ করা যেকোনো অভিনেত্রীর জন্যই আনন্দের। নির্মাতা অরুণ চৌধুরীর কাছে আমি কৃতজ্ঞ, তার সঙ্গে কাজের এই যাত্রা সবসময় স্মরণীয় হয়ে থাকবে।"

স্ত্রীর পত্র মূলত পুরুষতান্ত্রিক সমাজের শৃঙ্খল ভেঙে জেগে ওঠা এক নারীর আত্মোপলব্ধি ও প্রতিবাদের গল্প। পনেরো বছর সংসার করার পর স্বামীর কাছে লেখা এক চিঠির মাধ্যমে মৃণালিনী তার অবদমিত জীবনের অভিমান ও মুক্তির ঘোষণা দেয়। গল্পের অন্যতম চরিত্র ‘বিন্দু’র আত্মহত্যা মৃণালিনীকে নিজের অধিকার সম্পর্কে সচেতন করে তোলে এবং সে বুঝতে পারে সংসারের শৃঙ্খলে সে কেবল এক দাসী মাত্র। শেষ পর্যন্ত সে শ্বশুরবাড়ি ত্যাগ করে নতুনভাবে নিজের পরিচয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়।

নাটকটি নির্মাণ করেছেন অভিজ্ঞ নির্মাতা অরুণ চৌধুরী। তার মতে, রবীন্দ্রনাথের গল্প আজও অত্যন্ত সমসাময়িক। নাটকটিতে বিন্দুর চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী শখ। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন আরেফিন জিলানী, সূচনা শিকদার, তূর্য ও নয়ন প্রমুখ।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন