ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন জনপ্রিয় পরিচালক ও বিদায়ী বিধায়ক রাজ চক্রবর্তী। গত ৪ মে নির্বাচনের ফল প্রকাশের মাত্র দুই দিন পরই সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। ২০২১ সালে রাজনীতিতে পা রাখা রাজ ব্যারাকপুর কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়ে গত পাঁচ বছর দায়িত্ব পালন করেছিলেন। তবে ২০২৬-এর নির্বাচনে একই কেন্দ্র থেকে লড়েও তিনি জয়ের দেখা পাননি।
নিজের পোস্টে রাজ লেখেন, ‘২০২১-এ আমার রাজনৈতিক জীবনে পদার্পণ। মানুষ আমাকে সুযোগ দিয়েছিলেন কাজ করার। পাঁচ বছর ধরে বিধায়কের দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। সেই অধ্যায় শেষ হলো ২০২৬-এ, সঙ্গে শেষ হলো আমার রাজনৈতিক জীবনের পথচলা।’ একই সঙ্গে তিনি বাংলায় আসা নতুন সরকারকেও শুভেচ্ছা জানিয়েছেন। রাজ আরও উল্লেখ করেন যে, জীবনে যখনই কোনো দায়িত্ব পেয়েছেন, তা নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করেছেন। এখন থেকে তিনি আবারও নিজের চিরচেনা সিনেমার জগতেই মনোনিবেশ করবেন বলে ইঙ্গিত দিয়েছেন।
নির্বাচনী ফলের দিন ব্যারাকপুরে গণনাকেন্দ্রের বাইরে রাজ চক্রবর্তীকে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছিল। অভিযোগ উঠেছে, তাকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান দেওয়ার পাশাপাশি কাদা ও ঘুঁটে ছোড়া হয়। যদিও এই অপ্রীতিকর ঘটনা নিয়ে রাজ সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে স্বামীর এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অনুপ্রেরণামূলক পোস্টে তিনি রাজকে তাদের জীবনের ‘আসল নায়ক’ হিসেবে অভিহিত করেছেন। বিনোদন জগতের এই তারকার হঠাৎ রাজনীতি ছাড়ার ঘোষণায় টলিউড ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
জান্নাত/সকালবেলা