মোঃ মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) উপজেলার পূর্ব ভবানীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম রায়হান মিয়া (২০)। সে উপজেলার পূর্ব ভবানীপুর গ্রামের সমুজ মিয়ার ছেলে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলামের নির্দেশে এসআই অপূর্ব কুমার সাহার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। জিআর-২৩৩/২৫ (জগন্নাথপুর) মামলার আসামি রায়হান নিজ এলাকায় অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে ধরতে সক্ষম হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, বিধি মোতাবেক যথাযথ পুলিশ প্রহরায় আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জনস্বার্থে অপরাধ দমনে জগন্নাথপুর থানা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ.আই.এল/সকালবেলা