শ্রীপুর-বরমী সড়কের বেহাল দশা

আমিরুল ইসলাম
প্রকাশ: বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৪০ অপরাহ্ণ
শ্রীপুর-বরমী সড়কের বেহাল দশা

মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ঈদগাঁ মাঠ থেকে শ্রীপুর-বরমী পাকা সড়ক পর্যন্ত প্রায় আধা কিলোমিটার রাস্তার বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে কাদা ও পিচ্ছিল অবস্থার সৃষ্টি হয়। এতে করে পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান ও হিমেল ফকির জানান, বছরের পর বছর ধরে জনপ্রতিনিধিদের জানানো হলেও সংস্কারের কোনো দৃশ্যমান উদ্যোগ নেই। শুকনো মৌসুমে ধুলোবালি আর বর্ষায় কাদা-পানিতে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকিতে থাকছে।

বরমী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রতন মিয়া বলেন, সড়কটির সমস্যার বিষয়টি আমরা অবগত আছি এবং সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। শ্রীপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী তৌহিদুল হাসান জানান, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করলে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন