হ্যাটট্রিক সাফ শিরোপার লক্ষ্যে দল ঘোষণা বাংলাদেশের

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ণ
হ্যাটট্রিক সাফ শিরোপার লক্ষ্যে দল ঘোষণা বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক: দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে ভারতের গোয়ায় যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। টানা তৃতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার লক্ষ্যে আজ ২৩ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

ঘোষিত এই স্কোয়াডে বড় চমক হিসেবে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন অর্পিতা বিশ্বাস ও মোমিতা খাতুন। তবে গত আসরের চ্যাম্পিয়ন দলের সদস্য মিডফিল্ডার স্বপ্না রানী ও মুনকি আক্তারের জায়গা হয়নি এবারের দলে। এছাড়া চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন নবীরন খাতুন। বরাবরের মতো দলের নেতৃত্বে থাকছেন আফঈদা খন্দকার।

পিটার বাটলারের শিষ্যরা মূল টুর্নামেন্ট শুরুর আগে থাইল্যান্ডের ব্যাংককে ১৫ দিনের বিশেষ কন্ডিশনিং ক্যাম্প করবে। আগামীকালই ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে দলটি। সেখানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে মেয়েদের:

  • ১০ মে: কাসেম বুন্দিত এফসি (থাই প্রিমিয়ার লিগ ক্লাব)।

  • ১৭ মে: ব্যাংকক স্পোর্টস স্কুল ক্লাব।

ক্যাম্প শেষে আগামী ২১ মে থাইল্যান্ড থেকে সরাসরি ভারতের গোয়ায় পৌঁছাবে বাংলাদেশ দল। আগামী ২৫ মে থেকে শুরু হবে বাংলাদেশের হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশন।

রূপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী মণ্ডল, শিউলি আজিম, আফঈদা খন্দকার (অধিনায়ক), সুরমা জান্নাত, সুরভী আকন্দ প্রীতি, শামসুন্নাহার সিনিয়র, কোহাতি কিসকু, হালিমা আক্তার, উন্নতি খাতুন, অর্পিতা বিশ্বাস, মোমিতা খাতুন, মারিয়া মান্দা, মনিকা চাকমা, শাহেদা আক্তার রিপা, ঋতুপর্ণা চাকমা, উমেহ্লা মারমা, মোছাম্মৎ সাগরিকা, তহুরা খাতুন, আনিকা রানী সিদ্দিকী, সৌরভী আকন্দ প্রীতি এবং শামসুন্নাহার জুনিয়র।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন