ঈদ সামনে রেখে অস্বাভাবিক দাম বেড়েছে যেসব পণ্যের

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: সোমবার, ০৪ মে ২০২৬, ০২:০৭ অপরাহ্ণ
ঈদ সামনে রেখে অস্বাভাবিক দাম বেড়েছে যেসব পণ্যের

পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীর নিত্যপণ্যের বাজারে মসলা ও শুকনো ফলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। ঈদের এখনো বেশ কিছু সময় বাকি থাকলেও অসাধু ব্যবসায়ীদের কারসাজি ও অতিমুনাফার প্রবণতায় ধাপে ধাপে বাড়ানো হচ্ছে পণ্যের দাম। ফলে কোরবানির প্রস্তুতির শুরুতেই চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা।

খুচরা বাজারে গত এক সপ্তাহের ব্যবধানে এলাচ, লবঙ্গ ও আলু বোখারার দাম সবচেয়ে বেশি বেড়েছে।

  • এলাচ: প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৬০০ টাকায় (সপ্তাহ আগে ছিল ৪৩০০ টাকা)।

  • লবঙ্গ: কেজিপ্রতি ২০০ টাকা বেড়ে ১৪০০-১৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।

  • আলু বোখারা: কেজিতে ৫০০-৬০০ টাকা বেড়ে বর্তমানে ১৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

  • অন্যান্য: কিশমিশ ৮৩০-৮৫০ টাকা, দারুচিনি ৫০০-৬০২ টাকা এবং তেজপাতা ১৮০-২০০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে। এছাড়া ধনে ও জিরার দামও কেজিতে ১০-৪০ টাকা পর্যন্ত বেড়েছে।

মিষ্টান্ন তৈরিতে ব্যবহৃত বাদামের বাজারেও উত্তাপ ছড়িয়েছে।

  • পেস্তা বাদাম: কেজিতে ৮০০ টাকা বেড়ে ৪১০০-৪২০০ টাকায় বিক্রি হচ্ছে।

  • কাজু বাদাম: কেজিতে ২৫০ টাকা বেড়ে ১৪০০ টাকায় ঠেকেছে।

 বাংলাদেশ পাইকারি গরম মসলা ব্যবসায়ী সমিতির সভাপতি মো. এনায়েত উল্লাহ জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে আমদানি ব্যাহত হওয়া এবং জ্বালানির দাম বাড়ায় পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় পণ্যের দাম বেড়েছে।

অন্যদিকে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ঈদ ঘিরে বাজার তদারকি ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমদানিকারক থেকে খুচরা পর্যায় পর্যন্ত মূল্যের ব্যবধান খতিয়ে দেখে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মনে করে, উৎসব এলেই কারসাজির মাধ্যমে ভোক্তাদের পকেট কাটা হচ্ছে, যা রোধে কঠোর পদক্ষেপ প্রয়োজন।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন