রায়পুরে অপহরণের পর হত্যা, কিশোরের লাশ উদ্ধার

আমিরুল ইসলাম
প্রকাশ: শনিবার, ০২ মে ২০২৬, ০২:৪২ অপরাহ্ণ
রায়পুরে অপহরণের পর হত্যা, কিশোরের লাশ উদ্ধার

আমিনুল ইসলাম সিয়াম, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের পর মুক্তিপণ দাবি করেও শেষ রক্ষা হলো না কিশোর অটোচালক রাজিবের (১৩)। অপহরণের কয়েক ঘণ্টার মধ্যেই একটি বাগান থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২ মে) দুপুরে উপজেলার ক্যাম্পের হাট স্কুলের পশ্চিম পাশে দপাদার বাড়ির বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত রাজিব দক্ষিণ গাইয়ার চর ফজু মোল্লা স্টেশন এলাকার অটোচালক মোস্তফার ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে রাজিব নিখোঁজ হয়। স্বজনরা রাতভর খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এদিকে রাত ৩টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা রাজিবের বাবার ফোনে কল করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। আজ শনিবার দুপুরে স্থানীয়রা বাগানে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে রাজিবের নিথর দেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীদের মতে, রাজিবের মাথায় একাধিক গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়দের দাবি, শিমুলতলা এলাকার এক ব্যক্তিকে রাজিবের অটোরিকশা নিয়ে যাওয়ার সময় তাকে সর্বশেষ দেখা গিয়েছিল। ঘটনার পর থেকেই ওই ব্যক্তি পলাতক রয়েছেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মুক্তিপণ দাবির বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন