শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া

আমিরুল ইসলাম
প্রকাশ: শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ণ
শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া

মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে দীর্ঘ ২৫ বছরের আস্থা ও সম্পর্ককে পুঁজি করে এক চাঞ্চল্যকর প্রতারণার ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যের মতো বিশ্বাসভাজন এক ভাড়াটিয়া বাড়ির মালিক ও এলাকাবাসীর প্রায় ১৫ লাখ টাকা হাতিয়ে নিয়ে সপরিবারে উধাও হয়ে গেছেন। 

শুক্রবার (১ মে) ভুক্তভোগী পরিবার সাংবাদিকদের কাছে এই ঘটনাটি তুলে ধরেন।

শ্রীপুর পৌরসভার কেওয়া গিলারচালা এলাকায় মজিবুর রহমানের বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়া থাকতেন বরিশালের বাবুল হাওলাদার। দীর্ঘকাল একসঙ্গে বসবাসের কারণে তার ওপর অগাধ বিশ্বাস গড়ে ওঠে বাড়ির মালিক পক্ষের। সেই সুযোগ নিয়ে সম্প্রতি একটি সিএনজি কেনার কথা বলে বাড়ির মালিকের স্ত্রী আছমা আক্তারের কাছ থেকে এনজিও থেকে ঋণ নেওয়া ৬ লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নেন বাবুল।

ভুক্তভোগী আছমা আক্তার জানান, কয়েকদিন আগে তারা সপরিবারে বাইরে বেড়াতে গেলে সেই সুযোগে বাবুল তার পরিবার নিয়ে বাসা ছেড়ে পালিয়ে যান। ফিরে এসে ঘর তালাবদ্ধ এবং বাবুলের মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তাদের সন্দেহ হয়। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, বাবুল শুধু বাড়ির মালিক নয়, বরং এলাকার আরও অনেকের কাছ থেকে বড় অঙ্কের টাকা ধার নিয়ে আত্মসাৎ করেছেন।

স্থানীয় রুবিয়া নামের এক নারীর কাছ থেকে ১ লাখ ৭০ হাজার টাকা এবং বিভিন্ন মুদি ও কাপড়ের দোকান থেকে কয়েক লাখ টাকা ধার করে উধাও হয়েছেন তিনি। সব মিলিয়ে প্রতারণার পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা বলে দাবি করা হচ্ছে। এনজিওর ঋণের কিস্তি পরিশোধ নিয়ে এখন চরম দুশ্চিন্তায় দিশেহারা হয়ে পড়েছে বাড়ির মালিকের পরিবার।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন