সকালে মুষলধারে বৃষ্টি, রাজধানীর সড়কে জনভোগান্তি

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ণ
সকালে মুষলধারে বৃষ্টি, রাজধানীর সড়কে জনভোগান্তি

নিজস্ব প্রতিবেদক: মে দিবসের সকালের মুষলধারে বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে রাজধানী ঢাকা। একদিকে মে দিবসের ছুটি, অন্যদিকে সাপ্তাহিক ছুটির দিনের আমেজ ম্লান করে দিয়েছে ভোর থেকে চলা ভারী বৃষ্টি। বৃষ্টির প্রভাবে রাজধানীর বিভিন্ন নিচু এলাকায় আবারও জলাবদ্ধতা তৈরি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

জলাবদ্ধতায় ডুবল অলিগলি: গত কয়েক দিনের টানা বৃষ্টির ফলে রাজধানীর নালা ও ডোবাগুলো আগে থেকেই পূর্ণ ছিল। আজ সকালের বৃষ্টিতে বিশেষ করে জুরাইন, পোস্তগোলা, যাত্রাবাড়ী, ডেমরা, রামপুরা, মালিবাগ, খিলগাঁও ও তেজগাঁও এলাকার অলিগলিতে হাঁটু পানি জমে গেছে। অনেক এলাকায় রাস্তা ছাপিয়ে ময়লা ও নোংরা পানি মানুষের বসতবাড়িতেও ঢুকে পড়েছে।

ভোক্তা ও বাসিন্দাদের ক্ষোভ: জুরাইনের বাসিন্দা আখতার হোসেন জানান, বৃষ্টির পর পুরো এলাকা পানিতে ডুবে যাওয়ায় নোংরা পানি মাড়িয়েই লোকজনকে চলাচল করতে হচ্ছে। সাপ্তাহিক বাজারের জন্য বের হওয়া চানখাঁরপুলের আমেনা বেগম বলেন, "সকালে বাজার করতে বের হয়ে দেখি সব রাস্তাঘাট ডুবে আছে।" তবে ছুটির দিন হওয়ায় রাস্তায় সাধারণ মানুষের উপস্থিতি তুলনামূলক কম থাকায় বড় ধরনের যানজট এড়ানো সম্ভব হয়েছে।

নগর পরিকল্পনাবিদ ড. আদিল মুহাম্মদ খান এই পরিস্থিতির জন্য খাল ও জলাশয় দখলকে দায়ী করেছেন। তিনি বলেন, "সরকার উন্নয়নের কথা বললেও বৃষ্টি বা দুর্যোগের সময় আসল চিত্র ফুটে ওঠে। প্রভাবশালী দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়ায় এবং কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে ঢাকার বাসযোগ্যতা কমছে। দখলদাররা পার পেয়ে যাওয়ায় নতুন নতুন দখলদার তৈরি হচ্ছে, যার খেসারত দিতে হচ্ছে সাধারণ জনগণকে।"

ঢাকার জনগণের এই দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন ও খাল উদ্ধার জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন