আব্দুল্লাহ আল মামুন, যশোর: যশোরের মনিরামপুর রিপোর্টার্স ক্লাবে নিজের স্ত্রীর বিরুদ্ধে মাদক ব্যবসা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মেহেদী হাসান নামে এক ব্যক্তি।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে আয়োজিত এই সম্মেলনে অভয়নগর উপজেলার নোয়াপাড়া গ্রামের মেহেদী হাসান ও ফুলতলা উপজেলার রুপা খাতুন উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে মেহেদী হাসান দাবি করেন, তার স্ত্রী মুসলিমা আক্তার উর্মি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এসবে বাধা দেওয়ায় পরিকল্পিতভাবে তার এবং রুপা খাতুনের বিরুদ্ধে মিথ্যা মামলা ও সংবাদ সম্মেলন করে আইনি হয়রানি করা হচ্ছে। মাদক ক্রয়ের অর্থের জন্য তাকে মানসিকভাবে নির্যাতন ও ভয়ভীতি দেখানো হতো বলেও তিনি অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, উর্মির পরিবারের কয়েকজন সদস্যও মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট। বর্তমানে উর্মি অন্যত্র বাসা ভাড়া নিয়ে একই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে মেহেদী দাবি করেন। নিজেকে নিরপরাধ দাবি করে তিনি বলেন, মাদকের প্রতিবাদ করায় তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে।
এই পরিস্থিতিতে হয়রানি থেকে মুক্তি পেতে এবং এলাকায় মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী মেহেদী হাসান।
এ.আই.এল/সকালবেলা