ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজেস্ব প্রতিবেদক: বিরোধী দলের তীব্র আপত্তি সত্ত্বেও জাতীয় সংসদে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন ২০২৬’ এবং ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল ২০২৬’ পাশ হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৫তম দিনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিল দুটি উত্থাপন করেন। বিরোধী দলীয় সদস্যদের পক্ষ থেকে এ নিয়ে আপত্তি জানানো হলেও শেষ পর্যন্ত কণ্ঠভোটে বিল দুটি পাশ হয়ে যায়।
বিদ্যমান আইনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান বা কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার ক্ষেত্রে ৬৫ বছর বয়সের যে সর্বোচ্চ সীমা ছিল, পাশ হওয়া বিলে সেই বিধান বিলুপ্ত করার প্রস্তাব রাখা হয়েছে। ফলে এখন থেকে ৬৫ বছর পূর্ণ হলেও যোগ্য ব্যক্তিরা এই পদে নিয়োগ পেতে বা বহাল থাকতে পারবেন।
অন্যদিকে, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আইনের বিদ্যমান বিধান অনুযায়ী চেয়ারম্যান বা সদস্য পদে থাকার সর্বোচ্চ বয়সসীমা ছিল ৬৭ বছর। সংশোধিত বিলে এই বয়সসীমা সংক্রান্ত বিধানটিও বাতিলের প্রস্তাব অনুমোদিত হয়েছে।
বিল দুটির উদ্দেশ্য ও কারণসংবলিত পৃথক বিবৃতিতে বলা হয়েছে, অভিজ্ঞ, দক্ষ ও জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সুযোগ দিতে এবং প্রশাসনিক কাঠামোকে আরও গতিশীল করতে আইনগুলো সময়োপযোগী করার প্রয়োজনীয়তা রয়েছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ