ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর মাত্র দুই মাস আগে ইরান দলের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা কিছুটা কেটেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত পাওলো জাম্পোলি ইরানকে সরিয়ে ইতালিকে নেওয়ার প্রস্তাব দিলেও, এবার খোদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের অংশগ্রহণের বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন। তবে খেলোয়াড়দের প্রবেশের অনুমতি দিলেও প্রতিনিধি দলের অন্যদের ক্ষেত্রে জুড়ে দিয়েছেন কঠোর শর্ত।
যুক্তরাষ্ট্রের শর্ত: বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে মার্কো রুবিও জানান, ইরানি খেলোয়াড়দের বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো বাধা নেই। তবে তিনি স্পষ্ট করে বলেন, যারা ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট, তাদের কোনোভাবেই যুক্তরাষ্ট্রের মাটিতে প্রবেশ করতে দেওয়া হবেত না। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র আইআরজিসি-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে রেখেছে।
রুবিও বলেন, “সমস্যা খেলোয়াড়দের নিয়ে নয়, সমস্যা হলো তারা সঙ্গে করে কাদের আনতে চায় তাদের নিয়ে। তারা সাংবাদিক বা অ্যাথলেটিক ট্রেনার সাজিয়ে আইআরজিসি সন্ত্রাসীদের আমাদের দেশে ঢোকাতে পারবে না।”
ফিফা ও ইরানের অবস্থান: ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো ইতোমধ্যে নিশ্চিত করেছেন যে ইরান দল বিশ্বকাপে অংশ নিচ্ছে। এমনকি ইরানের গ্রুপ পর্বের ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার যে গুঞ্জন উঠেছিল, তাও তিনি নাকচ করে দিয়েছেন। এদিকে ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহেজেরানি জানিয়েছেন, মন্ত্রীর নির্দেশে জাতীয় ফুটবল দল যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য পূর্ণ প্রস্তুতি শুরু করেছে।
ভিসা জটিলতা: খেলোয়াড়দের বিষয়ে ইতিবাচক বার্তা পাওয়া গেলেও ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজসহ কর্মকর্তাদের ভিসা পাওয়া নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। এর আগে গত ডিসেম্বরে ওয়াশিংটনে অনুষ্ঠিত বিশ্বকাপের ড্র অনুষ্ঠানেও মেহদি তাজকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। এখন দেখার বিষয়, আইআরজিসি সংশ্লিষ্টতার এই শর্ত মেনে ইরান কীভাবে তাদের প্রতিনিধি দল সাজায়।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ