ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে তিন ড্রাম ট্রাক ও এক্সকাভেটর চালককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার মির্জাপুর ইউনিয়নের আড়ংশাইল গ্রামে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানের বিবরণ: উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আড়ংশাইল গ্রামে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পুকুর খনন ও ফসলি জমির মাটি কাটা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান সেখানে অভিযান চালান। অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তিন চালককে কারাদণ্ড দেওয়া হয়। তবে মূল হোতা ও পুকুর মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
সাজাপ্রাপ্তরা হলেন:
মো. রাকিব (২৩), শাজাহানপুর, বগুড়া।
মো. আরমান (২৬), শাজাহানপুর, বগুড়া।
মো. আল-আমিন (২৩), কাহালু, বগুড়া।
জব্দ ও ক্ষয়ক্ষতি: অভিযানকালে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সকাভেটর (ভেকু) এবং চারটি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অবৈধভাবে মাটি কাটার পাশাপাশি বেপরোয়া মাটিবাহী ট্রাক চলাচলের কারণে স্থানীয় পাকা সড়কগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত সড়কের বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে এলজিইডি-কে নির্দেশ দেওয়া হয়েছে।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্ত তিনজনকে শুক্রবার দুপুরে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ