২৩ বছর পর অজিদের মাটিতে ঐতিহাসিক জয়, টাইগারদের প্রশংসায় ভাসালেন প্রধানমন্ত্রী

প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ণ
২৩ বছর পর অজিদের মাটিতে ঐতিহাসিক জয়, টাইগারদের প্রশংসায় ভাসালেন প্রধানমন্ত্রী
অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মরণীয় টেস্ট জয়ের পর ক্রিকেটারদের উদযাপনের দৃশ্য।

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জয়ের ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (১৬ আগস্ট) ডারউইনে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে এই স্মরণীয় জয় নিশ্চিত করে বাংলাদেশ দল। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে নেমেই এই অভূতপূর্ব অর্জন লাল-সবুজের প্রতিনিধিদের।

টাইগাররা যখন মাঠের খেলায় এই জয় নিশ্চিত করেন, তখন কিশোরগঞ্জ সফরে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলা শেষ হওয়ার পরপরই তিনি ডারউইনে অবস্থানরত বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে সরাসরি ভিডিওকলে যুক্ত হন। ঐতিহাসিক এই নৈপুণ্যের জন্য ক্রিকেটারদের পাশাপাশি সমগ্র দেশবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা পৌঁছে দেন তিনি।

খেলোয়াড়দের উৎসাহিত করে প্রধানমন্ত্রী বলেন, "অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে তাদের নিজেদের মাঠে বাংলাদেশের এই জয় দেশের ক্রীড়াঙ্গনের জন্য এক অনন্য ও গৌরবের অধ্যায়। খেলোয়াড়দের অদম্য মনোবল, পেশাদার দক্ষতা, চরম আত্মবিশ্বাস এবং সমন্বিত দলগত চেষ্টার ফলেই এই দুর্দান্ত সাফল্য অর্জিত হয়েছে।"

ঐতিহাসিক এই মুহূর্ত উপলক্ষে বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং ব্যবস্থাপনা দলসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, সিরিজের পরবর্তী টেস্টেও বাংলাদেশ এই ধারাবাহিকতা বজায় রাখবে এবং ঐতিহাসিক সিরিজ জয়ের সম্ভাবনাকে বাস্তব রূপ দেবে।

মন্তব্য করুন