কবে ঘোষণা হবে আর্জেন্টিনার বিশ্বকাপ দল
বিশ্বকাপকে সামনে রেখে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কোচ লিওনেল স্কালোনি একেবারেই ভিন্নধর্মী এক পরিকল্পনা সাজিয়েছেন। চূড়ান্ত দল ঘোষণার আনুষ্ঠানিকতা সারার আগে তিনি বাড়তি কয়েকজন ফুটবলারকে পরখ করে নিতে চান এবং তাদের নিয়ে একটি বিশেষ অনুশীলন ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছেন।
আর্জেন্টাইন সংবাদমাধ্যমের বরাত দিয়ে একটি গণমাধ্যম জানায়, চলতি মে মাসের শেষ সপ্তাহে বুয়েনস এইরেসের এজেইজায় আলবিসেলেস্তেরা তাদের প্রাথমিক অনুশীলন শুরু করবে। এরপর কন্ডিশনের সাথে মানিয়ে নিতে ও চূড়ান্ত প্রস্তুতি ক্যাম্পের উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবে দল। এই ক্যাম্প চলাকালীনই আগামী ৩০ মে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার কাছে নিজেদের চূড়ান্ত স্কোয়াড জমা দেবে আর্জেন্টিনা।
দলীয় সূত্র মারফত জানা গেছে, মূল ২৬ জনের স্কোয়াডের বাইরেও যেকোনো জরুরি পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত কয়েকজন ফুটবলারকে সম্পূর্ণ প্রস্তুত রাখতে চান স্কালোনি। বিশেষ করে উইঙ্গার পজিশন নিয়ে বাড়তি সতর্কতার অংশ হিসেবে একাধিক বিকল্প খেলোয়াড় রাখার চিন্তা রয়েছে তার। এই পজিশনে সম্ভাব্য চমক হিসেবে এমিলিয়ানো বুয়েন্দিয়া এবং মাতিয়াস সুলেকে দলে অন্তর্ভুক্ত করার বিষয়ে জোর আলোচনা চলছে।
বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। আগামী ৬ জুন টেক্সাসে হন্ডুরাসের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামবেন লিওনেল মেসিরা। এরপর ৯ জুন আলাবামায় দ্বিতীয় প্রীতি ম্যাচে আইসল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নেরা।
উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপে গ্রুপ ‘জে’-তে অবস্থান করছে আর্জেন্টিনা। এই গ্রুপে বিশ্বচ্যাম্পিয়নদের বাকি তিন প্রতিপক্ষ হলো আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে মেসি-ডি মারিয়াদের আর্জেন্টিনা।
জান্নাত সকালাবেলা
|