ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে কলম্বোয় প্রথম ম্যাচটা মাঠেই গড়ায়নি। বৃষ্টিতে ভেসে গেছে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ। দ্বিতীয় দিন ক্যান্ডিতে অনুষ্ঠেয় ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচেও সেরকম শঙ্কা থাকছে। ম্যাচটা মাঠে গড়াবে রবিবার বিকাল সাড়ে ৩টায়।
তাছাড়া আজ হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে ২০২৪ আসরের দুই ফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকা ও ভারতও। দুই দলই অপরাজিত থাকায় ম্যাচটা জমজমাট হবে তাতে কোন সংশয় নেই। আহমেদাবাদে ম্যাচটা মাঠে গড়াবে সন্ধ্যা ৭-৩০ মিনিটে। দেখাবে টি স্পোর্টস ও নাগরিক টিভি।
বার্বাডোজে অনুষ্ঠিত গত আসরের ফাইনালে অবশ্য শেষ হাসি হেসেছিল ভারত। ৭ রানে জিতে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছিল তারা। এবার কি সেই হারের প্রতিশোধ নেবে প্রোটিয়া দল? ম্যাচের আগে আলোচনায় রয়েছেন ভারতের ওপেনার অভিষেক শর্মা। কারণ, র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা এই বাঁহাতি এখন পর্যন্ত টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন। অসুস্থতার কারণে একটি ম্যাচ খেলতেও পারেননি।
তবে অধিনায়ক সূর্যকুমার যাদব আস্থা রেখেছেন অফ-ফর্মে থাকা এই ওপেনারের ওপর। তার ভাষ্য, ‘অভিষেকের ফর্ম নিয়ে যারা চিন্তিত, আমি বরং তাদের নিয়েই চিন্তিত। এটি দলীয় খেলা, এমনটা হতেই পারে। দল চায় সে নিজের স্বভাবসুলভ খেলাটা খেলুক। সে রান করলে ভালো, না করলে আমরা আছি তাকে সামলাতে। গত বছর সে আমাদের জন্য দায়িত্ব নিয়েছিল, এবার আমরা তার পাশে থাকবো।’
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে ওঠা ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা ১২ ম্যাচ অপরাজিত থাকলেও তাদের ব্যাটিং বিভাগ পুরোপুরি জ্বলে ওঠেনি। ম্যাচের ফল নির্ধারণে আবারও স্পিন বড় ভূমিকা রাখতে পারে। যার প্রভাবক হতে পারেন ভারতের হয়ে টি-টোয়েন্টির শীর্ষ বোলার বরুণ চক্রবর্তী।
এখন পর্যন্ত চার ম্যাচে নিয়েছেন ৯ উইকেট। এইডেন মারক্রামের নেতৃত্বে থাকা প্রোটিয়ারা অবশ্য বেশ ভারসাম্যপূর্ণ ও আত্মবিশ্বাসী! রয়েছে ভালো ছন্দে। কেশব মহারাজের নেতৃত্বে তাদের স্পিন আক্রমণ গ্রিপ পাওয়া উইকেটে কার্যকর প্রমাণিত হয়েছে। পাশাপাশি ব্যাটিং ইউনিটও সাড়া দিচ্ছে পরিস্থিতি অনুযায়ী।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ