মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন
রাসেল রানা মেহেদী, ঠাকুরগাঁও: দৈনিক আজকের পত্রিকা ও সময়ের কণ্ঠস্বরের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি আল মামুন জীবনকে হত্যার হুমকি ও অশালীন ভাষায় গালিগালাজ করার প্রতিবাদে ভানোর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জুয়েল রানাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিক ও সুধীসমাজ।
আজ সোমবার (২৫ মে) দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী চৌরাস্তায় বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের উদ্যোগে এই ঘণ্টাব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা জানান, ভানোর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জুয়েল রানা গত ১১ মে পুলিশের একটি বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ হাতেনাতে আটক হন। পরদিন ১২ মে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ। এই অপরাধের খবরটি সাংবাদিক আল মামুন জীবন তাঁর নিজ পত্রিকা ও ব্যক্তিগত ফেসবুক পেজে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করেন।
পরবর্তীতে আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে গত ১৯ মে দুপুরে জুয়েল রানা মুঠোফোনে সাংবাদিক আল মামুন জীবনকে সরাসরি হত্যার হুমকি দেন এবং তাঁর বাবা-মাকে উদ্দেশ্য করে চরম অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এই ঘটনার পর বালিয়াডাঙ্গী থানায় ভুক্তভোগী সাংবাদিকের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হলেও পুলিশ এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।
বিক্ষোভ সমাবেশে বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ ক্ষোভ প্রকাশ করে বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল একজন চিহ্নিত ও প্রমাণিত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো সাংগঠনিক ব্যবস্থা নেয়নি, যা দুঃখজনক। পুলিশকে লিখিত অভিযোগ দেওয়ার পরেও তারা রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছে। আমরা অবিলম্বে এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার এবং তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”
দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা এন এম নুরুল ইসলাম প্রশাসনকে আলটিমেটাম দিয়ে বলেন, “আগামী ৭২ ঘণ্টার মধ্যে এই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে হবে। মুখে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলে বাস্তবে অপরাধীকে ছাড় দেওয়া সাংবাদিক সমাজ মেনে নেবে না।”
বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম মশিউর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন সাবেক সভাপতি জুলফিকার আলী শাহ, প্রবীণ সাংবাদিক রাজিউর রহমান জেহাদ রাজু, রূপালী বাংলাদেশের প্রতিনিধি ইলিয়াস আলী হৃদয় এবং স্বাধীন সমাজকল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ উল্লাহ রায়হান দুলু।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। মাদক ব্যবসায়ীরা যদি প্রকাশ্যে সাংবাদিকদের হুমকি দেওয়ার সাহস পায় এবং প্রশাসন ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তবে সাধারণ মানুষ সমাজ থেকে মাদক নির্মূলে কথা বলার সাহস হারিয়ে ফেলবে।
উক্ত কর্মসূচিতে সংহতি প্রকাশ করে আরও উপস্থিত ছিলেন কালের কণ্ঠের প্রতিনিধি আরিফ হাসান, এটিএন নিউজের প্রতিনিধি এম এ সামাদ, কালবেলার প্রতিনিধি রবিউল এহেসান রিপন ও সাংবাদিক মাজহারুল ইসলাম হৃদয়সহ বালিয়াডাঙ্গী ও ঠাকুরগাঁও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এআইএল/সকালবেলা
|