ভাঙ্গায় যাত্রীবাহী বাস খাদে, আহত ২১
আহমেদ লিওন (ভাঙ্গা, ফরিদপুর): ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ভারী বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে পড়ে অন্তত ২১ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (২ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের বাবলাতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, ভাঙ্গা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সদস্যেরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর জানান, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল থাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। খবর পাওয়ার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রেজাউল ইসলাম রানা জানান, দুর্ঘটনাকবলিত ২১ জন আহত রোগীকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের মধ্যে চারজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী যাত্রীরা জানান, বাসটি ঢাকার ধোলাইপাড় থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে এসেছিল। বাবলাতলা এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। আহত যাত্রী দেবাশীষ ও খালেক অভিযোগ করে বলেন, "দুর্ঘটনার কিছু সময় আগে বৃষ্টির মধ্যে চালককে বারবার গতি কমানোর অনুরোধ করা হলেও তিনি তা তোয়াক্কা করেননি। চালকের বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।"
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হলেও হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়িটি সারিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
এআইএল/সকালবেলা
|