নারীর গোসলের ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে প্রতিবেশী গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ণ
নারীর গোসলের ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে প্রতিবেশী গ্রেপ্তার

বগুড়া ব্যুরো: বগুড়ার গাবতলীতে এক নারীর গোসলের আপত্তিকর ছবি গোপনে ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে রানা মিয়া (৪০) নামে এক প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুরে নিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ঘটনার তিন মাস পর আজ সকালে ভিকটিম নিজে বাদী হয়ে গাবতলী মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে রানা মিয়ার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গাবতলী থানার ওসি রাকিব হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত রানা মিয়া বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের ধলিরচর গ্রামের মৃত ছহির উদ্দিন প্রামাণিকের ছেলে। গত ৩১ মার্চ দুপুরে প্রতিবেশী ওই নারী গোসল করার সময় রানা মিয়া গোপনে তাঁর মোবাইল ফোনে আপত্তিকর ছবি ধারণ করেন। পরবর্তীতে তিনি সেই ছবি হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির আইডিতে ছড়িয়ে দেন। এভাবে রানা মিয়া ভিকটিমের সামাজিক ও ব্যক্তিগত মর্যাদা ক্ষুণ্ন করাসহ ইন্টারনেটের মাধ্যমে নগ্ন ও অশ্লীল ছবি সরবরাহ করে সমাজে এক ধরনের গণউপদ্রব সৃষ্টি করেন।

লোকচক্ষুর অন্তরালে থাকা এই অপরাধের বিষয়টি জানাজানি হওয়ার পর, ঘটনার তিন মাস পেরিয়ে আজ মঙ্গলবার সকালে ভিকটিম গাবতলী মডেল থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তৎপর হয়ে দুপুরে অভিযান চালিয়ে অভিযুক্ত রানা মিয়াকে গ্রেপ্তার করে। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন জানান, “অন্য কারও নগ্ন বা আপত্তিকর ছবি নিজের মোবাইলে সংরক্ষণ বা আদান-প্রদান করা গুরুতর অপরাধ। তদন্ত সাপেক্ষে যদি অন্য কারও মোবাইলেও এই ভিকটিমের ছবি পাওয়া যায়, তবে তার বিরুদ্ধেও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন