আ.লীগ মিছিল নয় দৌড়ের প্র্যাকটিস করে: চসিক মেয়র

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ণ
আ.লীগ মিছিল নয় দৌড়ের প্র্যাকটিস করে: চসিক মেয়র

চট্টগ্রাম ব্যুরো: কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা কোনো রাজনৈতিক মিছিল করে না, তারা মূলত দৌড়ের প্র্যাকটিস করে এবং সার্বক্ষণিক ভয়ের মধ্যে থাকে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, এই চরম ভীতি ও আতঙ্কের মধ্যে থেকে তারা কখনোই কিছু করতে পারবে না।

আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে নগরীর কাজির দেউড়ি এলাকায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে চসিক মেয়র এসব কথা বলেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “আমরা সবাই বর্তমানে একটি শান্ত ও শৃঙ্খল পরিবেশের মধ্যে আছি। কিন্তু নিষিদ্ধ হওয়া সত্ত্বেও আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনগুলো নানাভাবে নাশকতা চালিয়ে শহরকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। তারা মূলত সাধারণ জনমনে আতঙ্ক ছড়াতে চায়, যা আমরা কোনোভাবেই হতে দেব না।”

তিনি আরও জানান, আজ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা রুখতে দিনভর তাঁদের দলীয় নেতাকর্মীরা রাজপথে সতর্ক অবস্থানে ছিলেন। নিষিদ্ধ সংগঠনের কেউ যদি মাঠে নেমে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তবে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর আইনি ব্যবস্থা নেবে। শহর যাতে কোনোভাবেই অনিরাপদ না হয়ে ওঠে, সে জন্য তাঁদের নেতাকর্মীরা কেবল আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য ও সার্বিক সহযোগিতা প্রদান করেছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন