পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় মোটরবাইক আরোহী নিহত

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ণ
পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় মোটরবাইক আরোহী নিহত

মোস্তাকিন হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে মোটরসাইকেলের ব্রেক কষার সময় সড়কে স্লিপ কেটে পণ্যবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে রাশেদুল ইসলাম জনি (৪২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পাঁচবিবি-হিলি সড়কের লাঙ্গল হাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদুল ইসলাম জনি উপজেলার বালিঘাটা ইউনিয়নের নওদা ফেনতারা গ্রামের আব্দুর রশিদের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে রাশেদুল মোটরসাইকেলযোগে স্থানীয় গোহাটি থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন। তিনি পৌর শহরের লাঙ্গল হাটি নামক স্থানে পৌঁছালে সামনে একটি ট্রাক দেখে মোটরসাইকেলের ব্রেক চাপেন। এতে তাঁর মোটরসাইকেলটি পাঁচবিবি-হিলি সড়কের ওপর স্লিপ কেটে উল্টে যায়। ঠিক ওই মুহূর্তেই হিলি থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির পণ্যবোঝাই ট্রাক তাঁকে চাপা দেয়। ট্রাকের চাকায় মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। এই ঘটনায় নিহত যুবকের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।”

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন