মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার
অনলাইন ডেস্ক: বিদেশে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থা ক্রমাগত ভালোর দিকে বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
আজ মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদের অধিবেশনে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে স্পিকার এই তথ্য জানান। অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থা জানতে চান জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ।
এর পরিপ্রেক্ষিতে স্পিকার বলেন, ‘মির্জা আব্বাস আমাদের চিঠি দিয়ে জানিয়েছেন। তাঁর অবস্থা ক্রমাগত ভালো হচ্ছে। তিনি সুস্থ হলেই সংসদে আসবেন।’
সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ এ সময় শরিফ ওসমান হাদি হত্যার বিচারককে কেন্দ্র করে মির্জা আব্বাসকে নিয়ে ছড়ানো গুজব সম্পর্কেও জানতে চান। এ প্রসঙ্গে স্পিকার বলেন, গুজব বা আদালতে চলমান মামলাসংক্রান্ত বিষয়ে সংসদ সময় নষ্ট করতে পারে না। কোনো সদস্যের সদস্যপদ পদচ্যুত হলে তা যথাসময়ে সংসদকে জানানো হবে।
এর আগে গত ৬ মে এক সংবাদ সম্মেলনে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং প্রতিদিন তাঁকে থেরাপি দেওয়া হচ্ছে।
|