স্বামীকে গলা কেটে হত্যা, স্ত্রী গ্রেপ্তার
ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক বিরোধের জেরে ঘুমন্ত স্বামীকে চাপাতি ও ছুরি দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে।
আজ সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের পশ্চিম দেলপাড়া মির্জাবাড়ি মোড় এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। এই ঘটনায় ঘাতক স্ত্রী ফারজানা আক্তার মুন্নিকে রক্তমাখা অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা-পুলিশ।
নিহত জাহাঙ্গীর আলম (৪২) পুরান ঢাকার ঢালকানগর লেন এলাকার আব্দুস শাকুর মিয়ার ছেলে। অন্যদিকে গ্রেপ্তারকৃত ফারজানা আক্তার মুন্নি পশ্চিম দেলপাড়া এলাকার আইয়ুব আলীর মেয়ে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, পুরান ঢাকার ফরিদাবাদ এলাকায় জাহাঙ্গীরদের বাড়িতে মুন্নি তাঁর প্রথম স্বামী ও সন্তান নিয়ে ভাড়া থাকতেন। সেই সুবাদে বাড়ির মালিকের ছেলে জাহাঙ্গীরের সাথে মুন্নির পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে মুন্নি প্রায় পাঁচ বছর আগে তাঁর প্রথম স্বামীকে তালাক দিয়ে জাহাঙ্গীরকে বিয়ে করেন। প্রথম সংসারে তাঁর দুটি সন্তান এবং জাহাঙ্গীরের সংসারে দেড় বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর তাঁরা ফতুল্লার দেলপাড়া এলাকায় বসবাস শুরু করলেও দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে তীব্র পারিবারিক কলহ ও দাম্পত্য অশান্তি চলছিল।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পারিবারিক বিরোধের চরম পর্যায়ে মুন্নি তাঁর স্বামীকে হত্যার পরিকল্পনা করেন। পূর্বপরিকল্পনা অনুযায়ী, গতকাল রবিবার রাতে খাবারের সাথে অতিরিক্ত মাত্রায় ঘুমের ওষুধ মিশিয়ে জাহাঙ্গীরকে অচেতন করে ফেলেন তিনি। এরপর আজ সোমবার সকালে জাহাঙ্গীর গভীর ঘুমে অচেতন থাকাবস্থায় ঘরে থাকা ধারালো চাপাতি ও ছুরি দিয়ে তাঁর মাথা ও গলায় উপর্যুপরি আঘাত করে হত্যা নিশ্চিত করেন।
হত্যাকাণ্ড ঘটানোর পর সকাল সাড়ে ১০টার দিকে মুন্নি নিজেই ঘর থেকে বের হয়ে প্রতিবেশীদের জানান যে, তিনি তাঁর স্বামীকে খুন করেছেন। এই চাঞ্চল্যকর স্বীকারোক্তি শুনে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিক মুন্নিকে আটকে রেখে থানায় খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করে এবং ঘর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা চাপাতি ও ছুরিটি উদ্ধার করে।
ওসি মাহবুব আলম আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক স্ত্রীর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এআইএল/সকালবেলা
|