ঈদগাঁওয়ে মাদকের আসর থেকে আটক ৬
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওতে গভীর রাতে মাদক ও জুয়ার আসরে অভিযান চালিয়ে এক ইউনিয়ন বিএনপি নেতাসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার (১ জুলাই) ভোররাত ৪টার দিকে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ওয়াহেদরপাড়া এলাকা থেকে তাঁদের হাতেনাতে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে জুবায়েদ উল্লাহ জুয়েল ইসলামাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য (মেম্বার) এবং নবগঠিত ইউনিয়ন বিএনপি কমিটির সাংগঠনিক সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওয়াহেদরপাড়া এলাকার একটি নির্জন সেমিপাকা ঘরে গভীর রাতে মাদক সেবন ও জুয়ার বড় আসর বসানো হয়েছে—এমন গোপন সংবাদ পায় পুলিশ। তথ্যের ভিত্তিতে ঈদগাঁও থানা পুলিশের একটি বিশেষ দল ওই ঘরে আকস্মিক অভিযান চালায়। এসময় ঘরটি চারপাশ থেকে ঘেরাও করে জুয়েল মেম্বারসহ ৬ জনকে জুয়া খেলা ও মাদক সেবনের সরঞ্জামাদিসহ হাতেনাতে আটক করা হয়।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "গভীর রাতে অভিযান চালিয়ে মাদক ও জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ ৬ জনকে হাতেনাতে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে মাদক সেবনের সরঞ্জাম এবং জুয়া খেলার বিপুল সামগ্রী উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"
এই বিষয়ে ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কোম্পানি বলেন, “কেউ যদি ব্যক্তিগতভাবে অপরাধে লিপ্ত হয়ে থাকেন, তবে দেশের প্রচলিত আইনে তাঁর অবশ্যই শাস্তি হওয়া উচিত। দল হিসেবে বিএনপি সব সময় মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলে।”
এদিকে গভীর রাতে পুলিশের এই ঝটিকা অভিযানকে সামাজিক যোগাযোগমাধ্যমে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। তবে জুয়েল মেম্বারের সমর্থকদের একাংশের দাবি, এলাকায় রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কোনো পক্ষ ষড়যন্ত্রমূলকভাবে তাঁকে এই ঘটনার সাথে জড়িয়ে ফাঁসিয়ে থাকতে পারে।
এআইএল/সকালবেলা
|