বোরকার আড়ালে গাঁজা পাচার, দুই নারী গ্রেপ্তার

প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ণ
বোরকার আড়ালে গাঁজা পাচার, দুই নারী গ্রেপ্তার

সাইফুল ইসলাম ফাহাদ (দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া প্রতিনিধি): কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিনব কায়দায় মাদক পাচারের সময় ১০ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বোরকার নিচে নিজেদের পেটে কসটেপ দিয়ে বিশেষ কায়দায় পেঁচিয়ে এই বিপুল পরিমাণ গাঁজা বহন করছিলেন তাঁরা। 

গত শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার দেউস এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয় এবং শনিবার (১৪ নভেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের পক্ষ থেকে শনিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে উপজেলার শশীদল ইউনিয়নের দেউস এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশের একটি চৌকস দল। এ সময় গতিবিধি সন্দেহজনক মনে হলে দুই নারীকে আটক করা হয়। পরবর্তীতে নারী পুলিশের সহায়তায় তাঁদের দেহ তল্লাশি করে বোরকার আড়ালে পেটে কসটেপ দিয়ে নিখুঁতভাবে পেঁচানো অবস্থায় ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত নারীরা হলেন— ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি এলাকার বাসিন্দা ফাতেমা আক্তার ওরফে মিথিলা মনি (২৮) এবং নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকার বাসিন্দা জান্নাতুল ফেরদৌস ওরফে মায়া (২৪)।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গ্রেপ্তারকৃত এই দুই নারী পেশাদার মাদক কারবারি। ফাতেমা আক্তারের বিরুদ্ধে ইতোপূর্বে ব্রাহ্মণপাড়া ও কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা বিচারাধীন রয়েছে। অন্যদিকে, অপর আসামি জান্নাতুল ফেরদৌসের বিরুদ্ধেও রাজধানীর চকবাজার এবং মুন্সীগঞ্জের গজারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও দুটি মামলা চলমান রয়েছে।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন দৈনিক সকালবেলাকে জানান, উদ্ধারকৃত গাঁজাসহ গ্রেপ্তারকৃত দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শনিবার তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এআইএল/সকালবেলা