শ্রীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে ১৩ ঘর পুড়ে ছাই
মহিউদ্দিন আহমেদ (বিশেষ প্রতিবেদক, গাজীপুর): গাজীপুরের শ্রীপুরে একটি খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে দুবাইপ্রবাসীর ১৩টি বসতঘর, একটি খাবার হোটেল এবং একটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে এই দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার ডেনিম্যাক কারখানার সামনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ওই বাড়ি ও দোকানগুলোর মালিক দুবাইপ্রবাসী নিশাত ঢালী। তাঁর স্বজন বাবুল মিয়া জানান, প্রায় দেড় বছর আগে নিশাত ঢালী ১৩টি বসতঘর ও দুটি দোকানসহ জমিটি ক্রয় করেন। পরবর্তীতে বসতঘরগুলো স্থানীয় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দেওয়া হয় এবং দুটি দোকানের একটি অংশে খাবারের হোটেল পরিচালনা করা হচ্ছিল।
বাবুল মিয়া আরও বলেন, “সকালে ওই খাবার হোটেলে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকেই মূলত আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পাশের বসতঘরগুলোতে ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে তা নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।” ভয়াবহ এই আগুনে ১৩টি বসতঘরের আসবাবপত্রসহ সমস্ত মালামাল ভস্মীভূত হয়েছে। পাশাপাশি খাবার হোটেল ও পাশের দোকানটিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ বিষয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং আর্থিক ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এআইএল/সকালবেলা