মণিরামপুরে শিক্ষককে ৫৪ ধারায় চালান নিয়ে ক্ষোভ

প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ণ
মণিরামপুরে শিক্ষককে ৫৪ ধারায় চালান নিয়ে ক্ষোভ

আব্দুল্লাহ আল মামুন, যশোর: যশোরের মণিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইকরামুল ইসলামের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মামলা হলেও পুলিশ তাঁকে ৫৪ ধারায় চালান দেওয়ায় তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক দীর্ঘদিন ধরে ছাত্রীদের অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন এবং প্রস্তাবে রাজি না হলে ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন। প্রতিকার না পেয়ে সোমবার (১৪ সেপ্টেম্বর) শিক্ষার্থীরা তাঁকে শ্রেণীকক্ষে অবরুদ্ধ করে অনশন শুরু করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সম্রাট হোসেন ও মণিরামপুর থানার ওসি মো: আবু সাঈদ ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অনশন প্রত্যাহার করা হয়।

পরবর্তীতে এনজেল পারভেজ রিফাত বাদী হয়ে থানায় নির্দিষ্ট এজাহার দায়ের করলেও পুলিশ তাঁকে ওই মামলায় গ্রেপ্তার না দেখিয়ে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় সন্দেহজনক হিসেবে আদালতে পাঠায়। সুনির্দিষ্ট অভিযোগ থাকার পরও মামলায় না দেখিয়ে ৫৪ ধারার আশ্রয় নেওয়ায় ভুক্তভোগী শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুশীল সমাজ বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবু সাঈদ জানান, আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাঁকে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, সরকারি বিদ্যালয়ের শিক্ষক বলেই পুলিশ এ ক্ষেত্রে নমনীয় ভূমিকা পালন করেছে, যা সুষ্ঠু বিচার প্রক্রিয়ার ওপর প্রশ্ন তোলে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন